গাজীপুরে সড়ক দুর্ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ


 মুহসিন মিয়া শাহিন (গাজীপুর প্রতিনিধি) প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ৬:০৮ অপরাহ্ন /
গাজীপুরে সড়ক দুর্ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ

গাজীপুর নগরের হারিকেন এলাকায় সড়ক দুর্ঘটনার জেরে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছে মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।

বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার পর থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নগরের হারিকেন এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় এক পথচারীকে মাল বোঝাই ট্রাক চাপা দেয়। এতে তার দুটি পা থেঁতলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়।এরপর বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান করে এবং ওই সড়কের সব গাড়ি চলাচল বন্ধ করে দেয়।

বিক্ষুব্ধ জনতার অভিযোগ, এই সড়কে পারাপারের কোনো জায়গা নেই। যানবাহন দ্রুতগতিতে চলাচল করে যার কারণে প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনা ঘটছে। এটির প্রতিকার করতে হবে, ফুটওভার ব্রিজ দিতে হবে।প্রতিদিন দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে অথচ কারো কোনো ভ্রুক্ষেপ নেই। এজন্যই মহাসড়ক অবরোধ করেছি এটার সমাধান করতে হবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার জেরে মহাসড়ক অবরোধ করেছে। ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলমান রয়েছে।

You cannot copy content of this page