ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


মিয়া সুলেমান, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন /
ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকালে কোতোয়ালি মডেল থানাধীন ৩নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল রানার নেতৃত্বে একটি টিম শহরের নন্দীবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলো হিমেল ও নিতাই কুমার দাস। পুলিশের অভিযানে তাদের কাছ থেকে ৫০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়, যা দীর্ঘদিন ধরে মাদকসেবীদের মাঝে সরবরাহ করা হচ্ছিল বলে জানা গেছে।

এসআই সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে ময়মনসিংহ জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। সমাজ থেকে মাদক ও অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। মাদক ব্যবসায় জড়িত কেউই ছাড় পাবে না।”

এদিকে স্থানীয় সচেতন মহল পুলিশের এই সফল অভিযানকে স্বাগত জানিয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, এর মাধ্যমে এলাকায় মাদক ব্যবসা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে।

উল্লেখ্য, এর আগেও এসআই সোহেল রানার নেতৃত্বে কোতোয়ালি মডেল থানা এলাকায় একাধিক অভিযান পরিচালিত হয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং বেশ কয়েকজন ব্যবসায়ী গ্রেফতার হয়েছিলেন। নিয়মিত অভিযান ও কঠোর অবস্থানের কারণে এলাকাবাসীর মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি পেয়েছে।

You cannot copy content of this page