গাইবান্ধায় বিএনপির আহ্বায়ক শওকত মির্জা রুস্তমের অনিয়মের অভিযোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ


সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন /
গাইবান্ধায় বিএনপির আহ্বায়ক শওকত মির্জা রুস্তমের অনিয়মের অভিযোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২নং ভরতখালী ইউনিয়ন শাখার আহ্বায়ক শওকত মির্জা রুস্তমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, দখলদারিত্ব, ভূমিদস্যুতা, মামলা বাণিজ্য ও আওয়ামী লীগের পদধারী নেতাদের কাছ থেকে টাকার বিনিময়ে বিএনপির সদস্যপদ দেওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে “রুস্তম হটাও, ভরতখালী ইউনিয়ন বাঁচাও” স্লোগানে ইউনিয়নের উল্যাবাজার গোলচত্বরে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে ভরতখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মজিদুল ইসলাম টিক্বা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) কলঙ্কিত করতে দেব না। এ দল ক্লিন ইমেজের দল। এতে যে চাঁদাবাজ আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। সন্ত্রাস ডিলু, রুস্তম—ওরা তিন ভাই বনজঙ্গল, নদী-নালা, খাল-বিল দখলে মত্ত রয়েছে। অবিলম্বে রুস্তম, ডিলুসহ অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করতে হবে, না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিচ্ছি।”

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুল মালেক (অব.) বলেন, “শওকত মির্জা রুস্তম রাতারাতি আওয়ামী লীগের লোকজন ও দোসরদের নিয়ে কাউন্সিলের লিস্ট তৈরি করেছে। বিএনপির ত্যাগী নেতাদের নিয়ে অবিলম্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।”

ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, “শওকত মির্জা রুস্তমকে দলের দুর্দিনে পাইনি। ৫ আগস্টের পর তাকে দেখা যায়।”

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জীবন চন্দ্র, যুবদলের আহ্বায়ক মানিক মিয়া, ছাত্রদলের সভাপতি চয়ন কুমার ঘোষ, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নিরব ইসলাম সেতু, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাখন, লোকমান মিয়া, শাকিল খান, আনিসুর রহমান প্রমুখ।

You cannot copy content of this page