
সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচনে সভাপতি পদে আকরামুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ পুনঃনির্বাচিত হয়েছেন। এর আগেও তারা একই পদে দায়িত্ব পালন করেন।
রোববার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত এ নির্বাচনে সাংবাদিকদের প্রাণবন্ত অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকাল থেকে ভোটকেন্দ্রে ছিল উৎসবমুখর পরিবেশ।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে আকরামুজ্জামান ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এম আইউব পান ২৪ ভোট। সহ-সভাপতি পদে বিএম আসাদ ৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী কাজী রকিবুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি পান ৫২ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী মুর্শিদুল আজিম হিরু পান ১৩ ভোট।
যুগ্ম সম্পাদক পদে এম এ আর মশিউর ৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, গালিব হাসান পিন্টু পেয়েছেন ২৯ ভোট। দপ্তর সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী শেখ জালাল উদ্দিন পান ২৭ ভোট। কোষাধ্যক্ষ পদে মীর কামরুজ্জামান মনি ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, প্রতিদ্বন্দ্বী তরিকুল ইসলাম তারেক পান ৩০ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন ৩৩ ভোট পেয়ে জয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান মোহন পান ৩০ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে হানিফ ডাকুয়া ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী এম এ রহমান পেয়েছেন ২০ ভোট।
ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম সজল আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য আব্দুল্লাহ হোসাইন ও আশরাফুল আজাদ।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সদস্যরা। পুরো নির্বাচনী প্রক্রিয়ায় সাংবাদিকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :