
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালি ইউনিয়নের দোহাজারী গ্রামের দিনমজুর সবুজ মিয়া (২৮) ও তাঁর স্ত্রী রিতু মনি (২৩) দম্পতির ঘরে একসঙ্গে জন্ম নিয়েছে তিনটি কন্যা সন্তান।
গত ৬ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় নবজাতক তিনটি। বর্তমানে তাদের বয়স এক মাস।
আর্থিক অনটনের কারণে সন্তান জন্মের এই আনন্দ, এখন পরিবারটির জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
মা রিতু মনি শারীরিক ভাবে দুর্বল থাকায় তিনটি সন্তানকে যথেষ্ট বুকের দুধ খাওয়াতে পারছেন না, ফলে ক্ষুধার জ্বালায় সারাক্ষণ কান্নাকাটি করছে নবজাতক তিনটি। এদিকে বাইরের দুধ কিনে খাওয়ানোর মতো সামর্থ্য নেই এই অভাবী পরিবারের।
সরেজমিনে গেলে দেখা যায়, ছোট একটি ঘরের পুরোনো খাটে পাশাপাশি শুয়ে আছে তিনটি নবজাতক। পাশে বসা মা রিতু মনি চোখ মুছছেন বারবার।
সবুজ মিয়া বলেন, “দিন আনি দিন খাই। তিন মেয়ের কান্না শুনে বুক ফেটে যায়, কিন্তু কিছুই করতে পারছি না। ধার করে দুধ কিনেছিলাম, এখন আর কেউ ধার দিতে চায় না।”
প্রতিবেশী আকমল হোসেন বলেন, “তিনটা বাচ্চা আল্লাহর দান। কিন্তু তাদের কান্না শুনলে মন কেঁপে ওঠে। আমরা যতটুকু পারি সাহায্য করছি, কিন্তু আমাদেরও সামর্থ্য সীমিত।”
সবুজ মিয়া সমাজের সহৃদয় মানুষ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন, যেন এই তিনটি নবজাতকের জীবন বাঁচে ও তারা সুস্থভাবে বেড়ে উঠতে পারেন।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :