
কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম, মিঠামইন ও ইটনা) আসনে হাওরাঞ্চলের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয়ে সাবেক জেলা প্রশাসক (ডিসি) আব্দুর রহিম মোল্লা বিএনপি মনোনীত প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি বলেন, “হাওরের জনগণ দীর্ঘদিন অবহেলিত। আমি চাই, এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে। উন্নয়ন মানেই কেবল অবকাঠামো নয়—মানুষের জীবনমানের উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য।”
আব্দুর রহিম মোল্লা জানান, তিনি হাওরের তিন উপজেলা—অষ্টগ্রাম, মিঠামইন ও ইটনাকে আধুনিক উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে একটি বাস্তবভিত্তিক পরিকল্পনা হাতে নিয়েছেন।
তিনি বলেন, “শিক্ষাখাতে প্রত্যন্ত গ্রামেও মানসম্মত বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠা, আইসিটি ল্যাব চালু এবং শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হবে। স্বাস্থ্যখাতে প্রতিটি ইউনিয়নে আধুনিক স্বাস্থ্যকেন্দ্র, জরুরি চিকিৎসা ও মা-শিশু স্বাস্থ্যসেবার নিশ্চয়তা থাকবে।”
কৃষি উন্নয়নে তিনি বলেন, “আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধান ও মাছ উৎপাদন বৃদ্ধি, কৃষকদের প্রশিক্ষণ এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। এতে কর্মসংস্থান বাড়বে ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে।”
যোগাযোগ ও পর্যটন খাতেও রয়েছে তার বিশেষ পরিকল্পনা। তিনি জানান, “সড়ক, সেতু ও নৌপথ উন্নয়নের পাশাপাশি হাওরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য কাজে লাগিয়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। এতে আয় বৃদ্ধি ও স্থানীয় জনগণের জীবনযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে হাওরাঞ্চলকে একটি উন্নত, শিক্ষিত ও স্বনির্ভর অঞ্চলে রূপান্তরিত করতে পারব। এটি হবে হাওরের উন্নয়নে এক নতুন দিগন্ত।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাবেক প্রশাসক হিসেবে তার দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি হাওরাঞ্চলের জনগণের আস্থা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। অনেকে বলছেন, “অভিজ্ঞ ও সৎ নেতৃত্ব হিসেবে আব্দুর রহিম মোল্লা হাওরের সার্বিক উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন।”
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :