
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) লাইব্রেরিতে চলছে নিত্যনতুন সংস্কার কাজ। দীর্ঘদিনের অসংখ্য সমস্যা ও প্রতিবন্ধকতা নিরসনে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় নেওয়া হচ্ছে একের পর এক উদ্যোগ।লাইব্রেরির রিডিং রুমের অতিরিক্ত গরম ছিল একটি প্রধান সমস্যা। এসি থাকলেও সেগুলো সচল করার কার্যকর কোনো উদ্যোগ ছিল না। শিক্ষার্থীদের ভোগান্তি বিবেচনায় সম্প্রতি রিডিং রুমে থাই গ্লাস লাগানো হয়েছে। এতে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে পড়াশোনার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।
লাইব্রেরি ভবনের অন্যতম সমস্যা ছিল স্যানিটেশন। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মিত পরিচ্ছন্নতার ব্যাপারে মনোযোগী হয়েছে। এর ফলে সপ্তাহে একাধিকবার ফ্লোর ও ওয়াশরুম পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ভবনের আশপাশের ঝোপঝাড়ও পরিষ্কার করা হয়েছে। এতে সাপসহ অন্যান্য ক্ষতিকর পোকামাকড়ের উৎপাত অনেকাংশে কমে গেছে।
তাছাড়া লাইব্রেরির পুরাতন ভবন নিয়েও ছিল অনেক ভোগান্তি। পুরাতন ভবন ও নতুন ভবনের সংযোগস্থলে পেপার রিডিং রুম অবস্থিত। রুমের ছাদের ওপর পানি জমে দেয়াল ক্ষতিগ্রস্ত হতো। এতে ফোঁটায় ফোঁটায় পানি পড়ায় রুমে জলাবদ্ধতার সৃষ্টি হতো। সম্প্রতি প্লাস্টারের কাজের মাধ্যমে এ সমস্যা সমাধান করা হয়েছে। এতে জলাবদ্ধতার সমস্যা অনেকটাই লাঘব হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের ব্যাগসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য একটি বড় কাঠের শেলফ স্থাপন করেছে লাইব্রেরি কর্তৃপক্ষ।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফজলে রাব্বি বলেন, “বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সুবিধা আগের চেয়ে অনেক উন্নত। বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত রিডিং রুমের ব্যবস্থা হওয়ায় গরমে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে কমে গেছে। তবে লাইব্রেরি ক্লিনিং কার্যক্রমের সময়সূচি আরও বাড়ানো দরকার বলে আমি মনে করি। ওয়াশরুমগুলোর পরিচ্ছন্নতা আরও কিছুটা নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা আরও উপকৃত হবে।”বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান (অ. দা.) অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জীবনে গ্রন্থাগার জ্ঞানার্জন, গবেষণা, দক্ষতা বৃদ্ধি এবং মননশীলতার বিকাশে অপরিহার্য। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে এখানে এসে তাদের পড়াশনা করতে পারে সেটা নিশ্চিত করা আমাদের কর্তব্য। প্রশাসনের সহযোগিতা ও আন্তরিকতায় ইতোমধ্যে আমরা বেশ কিছু সংস্কার আনতে সক্ষম হয়েছি। লাইব্রেরির উন্নয়নে যেকোনো পরামর্শ শিক্ষার্থীরা আমাদের জানালে আমরা কার্যকরি পদক্ষেপ নেব।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :