
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পতাকা উত্তোলনের স্ট্যান্ডে জুতা ওড়ানোর ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) বিকেলে তাকে আটক করা হয়। রোববার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।
জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় ২০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় এক যুবক ফ্ল্যাগ স্ট্যান্ডের রশিতে একটি জুতা বেঁধে ওপরে তুলছেন। পাশে আরও কয়েকজন যুবক দাঁড়িয়ে থেকে হাসাহাসি করছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওটির সূত্র ধরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক মারুফ হাসান মিরাজকে আটক করে। সে সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে এবং বামনডাঙ্গা আব্দুল হক কলেজের ছাত্র।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, ভিডিও দেখে অভিযুক্ত যুবককে শনাক্ত করে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও খুঁজে বের করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :