
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে নাটোরের বড়াইগ্রামে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার রাজাপুর বাজার এলাকায় এ কর্মসূচির নেতৃত্ব দেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৪ (বড়াইগ্রাম–গুরুদাসপুর) আসনের মনোনয়নপ্রত্যাশী আব্দুল আজিজ।
গণসংযোগ চলাকালে আব্দুল আজিজ ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের হাতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন এবং বিএনপির চলমান আন্দোলন ও ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন।
এ সময় স্থানীয় নেতাকর্মীরা বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়। তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে।
গণসংযোগে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতারা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজাপুর বাজারের বিভিন্ন দোকান ও বাড়িতে গিয়ে প্রচার চালান।
আব্দুল আজিজ বলেন, “তারেক রহমানের ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তির রূপরেখা। এ কর্মসূচি প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা কাজ করছি। জনগণই এখন পরিবর্তনের অগ্রদূত।”
গণসংযোগ শেষে তিনি বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামীর আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
চলমান এই কর্মসূচির মাধ্যমে বিএনপি জনগণের মধ্যে সচেতনতা ও রাজনৈতিক বার্তা ছড়িয়ে দিচ্ছে বলে জানান স্থানীয় পর্যবেক্ষকরা।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :