
গাইবান্ধার সুন্দরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় রাজু মিয়া (৪০) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের সদর মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু মিয়া উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থ্যালথ্যালা বাজার গ্রামের মৃত মেছের আলীর ছেলে। আহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার ছান্দিয়াপুর গ্রামের আবদুর রশিদ প্রামাণিকের ছেলে আলমগীর হোসাইন (৩৯) ও কামাপাড়া গ্রামের আতোয়ার রহমান (৬৫)। গুরুতর আহত আতোয়ার রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজু মিয়াসহ তিনজন ভ্যানে করে সুন্দরগঞ্জ যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী সোনালী পরিবহণের একটি বেপরোয়া বাস ভ্যানটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজু মিয়া মারা যান।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘাতক বাসটি এখনও জব্দ করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :