বগুড়া শেরপুরে বিদেশ ফেরত পরিবারবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় আহত ৯


সজীব হাসান, বগুড়া প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৫, ৮:২০ অপরাহ্ন /
বগুড়া শেরপুরে বিদেশ ফেরত পরিবারবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় আহত ৯
বগুড়ার শেরপুরে বিদেশ থেকে বাড়ি ফেরার পথে এক মাইক্রোবাস দুর্ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—সুমন (৫৫), নিজাম (৩৫), মিনহাজ (২০), সাদিয়া (২০), কাশেম (৫৫), হেলাল উদ্দিন (৪০), আদরী (২৭), সীমলা (৫০) ও শিশু মিজু (৭)। তারা সবাই বগুড়া সদর ও কাহালু উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদেশ থেকে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী ওই মাইক্রোবাসটি কৃষ্ণপুর এলাকায় পৌঁছালে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি বগুড়াগামী বাসের পেছনে ধাক্কা দেয়। স্ট্যান্ড ছাড়াই বাসটি রাস্তার মাঝে দাঁড়িয়ে ছিল। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর ফায়ার সার্ভিসের সাব-ইন্সপেক্টর নুরুল ইসলাম। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। বাসটি রাস্তার মাঝখানে দাড়িয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযোগ করেন ওই এলাকায় প্রায়ই বিভিন্ন পরিবহনের বাস রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে, যার ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত সেখানে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি জানান।

You cannot copy content of this page