
চট্টগ্রামের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজসহ সারাদেশে সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ, বিচার ও নিরাপত্তার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কর্মরত সাংবাদিকরা।
আজ (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) সকাল ১১টা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন জেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা, অনলাইন ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা।
রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে, এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সাবেক সভাপতি এসএম সামশুল আলম, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, সহসভাপতি হেফাজত সবুজ, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা প্রমূখ।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের ওপর হামলা মানে সত্য ও স্বাধীন গণমাধ্যমের ওপর হামলা। তারা বলেন, জিয়াদের ওপর হামলার ঘটনা প্রমাণ করে— দেশে মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিক নিরাপত্তা আজও বড় চ্যালেঞ্জের মুখে। এসময় বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় সাংবাদিকরা বলেন- সারাদেশেই প্রতিনিয়ত সাংবাদিকের ওপর হামলা ও হত্যার ঘটনা ঘটছে। যার সর্বশেষ শিকার হয়েছেন এখন টিভির চট্টগ্রামের দুই সাংবাদিক হোসাইন জিয়াদ ও মো. পারভেজ। দ্রুত সময়ে এসব ন্যাক্কারজনক হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।একইসাথে সাংবাদিকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও নির্যাতন বন্ধে রাষ্ট্রকে আরও কঠোর পদক্ষেপ নিতে দাবি জানানো হয়।
এসময় সাংবাদিকরা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা ব্যাহত হবে। তারা সারা দেশের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। মানববন্ধনে জেলার সিনিয়র সাংবাদিক, সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও সংহতি প্রকাশ করেন।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :