আঠারবাড়ি থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত অসমাপ্ত আঞ্চলিক মহাসড়কটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন


মিয়া সুলেমান, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন /
আঠারবাড়ি থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত অসমাপ্ত আঞ্চলিক মহাসড়কটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ- আঠারবাড়ী সড়ক নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে রাস্তা অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।

৮ অক্টোবর বুধবার দুপুরে, ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা মোড় থেকে সড়কের দুপাশে হাজারো জনতা এ কর্মসূচিতে অংশ নেন। এসময় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা।

জানা যায়, ঈশ্বরগঞ্জ থেকে আঠারবাড়ী পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক নির্মাণে ২০২০ সালের মার্চে কার্যাদেশ দেওয়া হয়। ১১৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ ২০২২ সালের জুনে সম্পন্ন করার কথা থাকলেও দীর্ঘ ৫ বছর পেরুলেও ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে রাস্তা নির্মাণ কাজ শেষ হয়নি।অধিগ্রহণকৃত ভূমির মালিকদের এখন পর্যন্ত ৮ ধারার চূড়ান্ত নোটিশ প্রদান করা হয়নি। ফলে নির্মাণ কাজটি ঝুলে রয়েছে। এ রাস্তাটি ঈশ্বরগঞ্জ উপজেলাসহ নেত্রকোণা ও ময়মনসিংহ অঞ্চলের জনসাধারণের চলাচলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কপথ।

প্রশাসনিক জটিলতার কারণে মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি বিড়ম্বনায় আছেন চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা।রাস্তার ভাঙাচোরা, খানাখন্দ ও ধুলোবালিতে নাকাল জনজীবন। এ দুর্ভোগ দ্রুত নিরসনের দাবিতে নিরুপায় হয়ে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসে এ কর্মসূচি পালন করেছেন বলে জানা গেছে ।

মানববন্ধন কর্মসূচিতে মুফতী খাইরুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ্ নূরুল কবীর শাহীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মুফতি মুহম্মদ হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম চকদার ঝুলন, একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা প্রমুখ।

এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, আব্দুল্লাহ্ আল মামুন খোকন, পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল ইসলাম, সদস্য-সচিব নূরে আলম জিকু প্রমুখ।

You cannot copy content of this page