
নির্ধারিত বাজার ছেড়ে অবৈধভাবে রাস্তার ধারে মাছ বিক্রি করার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন রংপুরের গঙ্গাচড়ার মাছ ব্যবসায়ীরা। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সরেজমিন দেখা যায়, দোকানপাট ফাঁকা, নেই আগের মতো হাঁকডাক। ধর্মঘটে গুটিয়ে বসে আছেন মাছ ব্যবসায়ীরা।
ব্যবসায়ী আমিনুর ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা নিয়ম মেনে দোকান বসাই, খাজনা দিই। অথচ অনেকে বাইরে অবৈধভাবে মাছ বিক্রি করে লাভ করছে। এতে আমাদের ক্ষতি হচ্ছে।
আরেক ব্যবসায়ী রুবেল মিয়া বলেন, এভাবে চলতে থাকলে আমরা টিকতে পারব না।
তাই বাধ্য হয়েই ধর্মঘটে নেমেছি।
এদিকে বাজারে মাছ না থাকায় সবচেয়ে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজারে এসে মাছ না পেয়ে খালি হাতে ফিরছেন তারা। কেউ আবার বাধ্য হয়ে অতিরিক্ত দামে বিকল্প পণ্য কিনছেন।
উপজেলার ধামুর এলাকার বাসিন্দা মনরঞ্জন রায় বলেন, আমাদের পূজা চলছে। বাড়িতে আত্মীয় আসছে, মাছ কিনতে এসে দেখি দোকান বন্ধ। মাংস কেনার মতো টাকাও নেই।
বাজার কমিটির সভাপতি নওফেল আলী জানান, সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া উপায় নেই। অবৈধভাবে মাছ বিক্রি বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতই এ সমস্যার সমাধান করা হবে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :