গজারিয়ায় স্বাভাবিক মৃত্যু নিয়ে বজ্রপাতের গুঞ্জন


মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৫, ৩:২৯ অপরাহ্ন /
গজারিয়ায় স্বাভাবিক মৃত্যু নিয়ে বজ্রপাতের গুঞ্জন

মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বাভাবিক মৃত্যুকে ‘বজ্রপাতে মৃত্যু’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার মধ্য ভাটেরচর গ্রামসংলগ্ন মেঘনার একটি শাখা নদীতে।

নিহত শ্রমিক রহমত উল্লাহ (৪০) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের একরামপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত তাহের আলীর ছেলে এবং পেশায় ড্রেজার শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাজের সময় অসুস্থ হয়ে পড়েন রহমত উল্লাহ। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান জানান, বিকেল ৩টা ৫০ মিনিটে রহমত উল্লাহকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষা শেষে জানা যায়, এটি স্বাভাবিক মৃত্যু। তবে তার সঙ্গে আসা কয়েকজন জানান, শ্রমিকটির মৃত্যু বজ্রপাতে হয়েছে। কিন্তু শারীরিক পরীক্ষায় বজ্রপাতজনিত কোনো দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, শ্রমিকের মৃত্যুকে ঘিরে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। তবে চিকিৎসকদের মত অনুযায়ী রহমত উল্লাহর মৃত্যু ছিল স্বাভাবিক।

স্বাস্থ্য বিভাগের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এটি স্বাভাবিক মৃত্যু। তবুও ঘটনাকে ঘিরে বজ্রপাতের গুজব ছড়ানোয় রহস্যের সৃষ্টি হয়েছে। এখন প্রয়োজন যথাযথ তদন্ত ও স্বচ্ছ তথ্য প্রকাশ, যাতে সত্য উদঘাটন হয় এবং বিভ্রান্তি দূর হয়।

You cannot copy content of this page