বনপাড়ায় ছাত্রদল নেতাদের চাঁদাবাজি: প্রবাসীর স্ত্রীর মামলায় অভিযুক্তদের জেল হাজতে পাঠানোর নির্দেশ


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৫, ২:৩৬ অপরাহ্ন /
বনপাড়ায় ছাত্রদল নেতাদের চাঁদাবাজি: প্রবাসীর স্ত্রীর মামলায় অভিযুক্তদের জেল হাজতে পাঠানোর নির্দেশ

নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার প্রাণকেন্দ্র বনপাড়া শহরের বনরূপ আবাসিক এলাকায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া চাঞ্চল্যকর চাঁদাবাজির ঘটনায় জড়িত তিন ছাত্রদল নেতাকে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আজ (২৯ সেপ্টেম্বর ২০২৫) নাটোর জজ কোর্টে আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২৭ আগস্ট ২০২৫ তারিখে বনরূপ আবাসিক এলাকায় একটি অনৈতিক সম্পর্কের মিথ্যা অভিযোগের ভিত্তিতে, ছাত্রদল নেতাদের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র প্রবাসীর স্ত্রী খাদিজা খাতুনকে ভয়ভীতি প্রদর্শন করে। পরে ওই নারীকে গহনা বিক্রি করে তিন লক্ষ টাকা চাঁদা দিতে বাধ্য করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী খাদিজা খাতুন বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করলে তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং মামলা (নং: ৩৫/২৪৫) গ্রহণ করা হয়।

অভিযুক্ত আসামিগণ হলেন ইকবাল হোসেন (যুগ্ম সম্পাদক, বনপাড়া শহর ছাত্রদল),বিদ্বান (সদস্য,বনপাড়া শহর ছাত্রদল),রনি (সদস্য,বনপাড়া শহর ছাত্রদল)।মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা পলাতক ছিলেন।

আজ আদালতে আত্মসমর্পণের পর বিচারক পুরো ঘটনার তদন্তপত্র ও উপস্থাপিত তথ্য পর্যালোচনা করে জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতে, অভিযুক্তরা ছাত্রদল নেতা ইকবাল হোসেন রাজুর নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। তারা বনপাড়া শহর ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এদের বিরুদ্ধে একাধিকবার মৌখিক ও লিখিত অভিযোগ জেলা বিএনপি নেতৃবৃন্দের কাছে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক এম. লুৎফর রহমান এবং পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার মো. রফিকুল ইসলাম জানান, অভিযুক্তরা রাজুর ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন ধরে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে আসছিল। তারা বলেন, দলের পক্ষ থেকে পুনরায় প্রমাণসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হবে।

অভিযুক্তদের গ্রেপ্তার এবং আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু বিচার এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, এর মাধ্যমে বনপাড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে এবং রাজনৈতিক দলগুলোও অপরাধীদের ছত্রছায়া থেকে বেরিয়ে এসে শুদ্ধি অভিযানে অগ্রণী ভূমিকা পালন করবে।

You cannot copy content of this page