প্রতারণা মামলায় ডিজিটাল গ্রুপের পরিচালক গ্রেফতার


মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি : প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৫, ৪:৩০ পূর্বাহ্ন /
প্রতারণা মামলায় ডিজিটাল গ্রুপের পরিচালক গ্রেফতার

রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন প্রজাপাড়া এলাকায় ডিজিটাল গ্রুপ নামক একটি ব্যক্তি মালিকানাধীণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে লোকজনকে ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে প্রতারণার মাধ্যমে টাকা নিয়ে লুট করার ঘটনায় ডিজিটাল গ্রুপের পরিচালক সুমন ওরফে সেলিম আহমেদ (৬০) কে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।

‎সোমবার প্রযুক্তিগত তথ্যের সহায়তায় ঢাকার উত্তরা থেকে সুমন ওরফে সেলিমকে গ্রেপ্তার করা হয়।

‎জানা যায়, পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়নের চেতনাপাড়ার নূর মোহাম্মদ। যার মামলা নং ১৮।

‎মামলা থেকে জানা যায়, ডিজিটাল গ্রুপের মালিক সুমন সেলিম আহমেদ নামক ব্যক্তি বিভিন্ন জনের নিকট হতে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তীতে সে গা ঢাকা দেয়।

‎মামলার বাদী নূর মোহাম্মদ ও পীরগঞ্জে এরকম ১৭ জন ভুক্তভোগীর ৪৬ লক্ষ ৩১ হাজার টাকা আত্মসাতে পীরগঞ্জ থানা পুলিশের নিকট অভিযোগ করা হয়। পরে পীরগঞ্জ থানা পুলিশ বিষয়টি মামলা হিসেবে নথিভুক্ত করে।

‎মামলাটি তদন্ত কালে প্রতারক সুমন ওরফে সেলিমের প্রতারণার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হলে তাকে গ্রেফতার করা হয়।

‎পীরগঞ্জ থানার ওসি শফিক বলেন, ‘এই ঘটনায় আরো কারো সংশ্লিষ্টতা আছে কিনা আমরা খতিয়ে দেখছি। সম্মানিত নাগরিকদের বলবো বিদেশে গমণ সহ যেকোন আর্থিক লেনদেনের ক্ষেত্রে আরও সতর্ক হবেন। প্রতারক যতই শক্তিশালী হোক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।”

You cannot copy content of this page