
বগুড়া সদর উপজেলার গোকুলে ঢাকা–রংপুর মহাসড়কে রেসিং করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। এ সময় আরো দুজন গুরুতর আহত হন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাঘোপাড়া খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাঁচটি মোটরসাইকেলে কয়েকজন তরুণ মহাস্থানের দিকে যাচ্ছিলেন।তারা বেপরোয়া গতিতে রেসিং করছিলেন। একপর্যায়ে দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একটি মোটরসাইকেলের আরোহী আবিদ হাসান (১৮) ও মো. জিহাদ সরকার (১৮) ঘটনাস্থলেই মারা যান। অপর মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
নিহত আবিদ হাসান শিবগঞ্জ উপজেলার রহবল পূর্বপাড়া এলাকার ওয়াজেদ সরকারের ছেলে। জিহাদ সরকার একই উপজেলার মেঘাখর্দ্দ এলাকার মন্তেজার রহমানের ছেলে।
কুন্দারহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।এসে জানতে পারি, কয়েকটি মোটরসাইকেল রেসিং করছিল। দুটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই দুই তরুণ নিহত হয় এবং আরো দুজন আহত হন। মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।’
তিনি আরো জানান, নিহতদের স্বজনরা কোনো অভিযোগ না করায় আবেদন সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :