আবারও দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াত


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৬:২৪ অপরাহ্ন /
আবারও দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াত

আবারও দলীয় লোগো পরবির্তন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে দলের নতুন লোগো।

রোববার ঢাকা নিযুক্ত স্প্যানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেয়ালে লাগানো নতুন লোগোটি দেখা গেছে।

নতুন লোগোতে সবুজ পতাকার মাঝে কিতাবের ওপর উদীয়মান সূর্য রয়েছে। তার ওপর রয়েছে কলম। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে। যা প্রবেশ দুয়ার অর্থে ব্যবহৃত হয়েছে।

এর আগে ২০১৬ সালে লোগো পরিবর্তন করে জামায়াত। ওই বছরের ৭ জুন বাংলাদেশের পতাকার আদলে লাল-সবুজ আয়তক্ষেত্রে, ওপরে লাল রঙে বাংলাদেশ এবং নিচে সবুজ রঙে লেখা ছিল জামায়াতে ইসলামী। সেবারও লোগো পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিক জানানো হয়নি। তখন কিছুদিন দলের সংবাদ বিজ্ঞপ্তিতে লাল-সবুজ লোগো ব্যবহার করা হতো।

রোববার সামনে আসা লোগোও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। জামায়াত নেতারা জানিয়েছেন, এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা ছিল না। তবে সামাজিক মাধ্যমে আলোচনার কারণে আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে দলের নতুন লোগো।

You cannot copy content of this page