ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক:রমনা কালি মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন শেষে বিএনপি নেতা রিজভী


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ন /
ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক:রমনা কালি মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন শেষে বিএনপি নেতা রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক। রোববার রাজধানীর রমনা কালি মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, বিএনপির তরফ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা। কোনো সম্প্রদায় যখন অন্যান্য সম্প্রদায়ের সাথে বসবাস করে, তখন ওই সম্প্রদায়ের বড় উৎসব সবার উৎসবে পরিণত হয়। উৎসব কখনও বিভাজন করে না। উৎসব মানুষে মানুষে সৌহাদ্র্যের বার্তা দেয়। এইসব উৎসবের দিনে আমরা একে অপরকে শুভেচ্ছা জানাই।

বিএনপির এই নেতা বলেন, ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক। রবীন্দ্রনাথ, নজরুল, লালন আমাদের সবার। সেখানে ধর্মের কোনো দেয়াল নেই ৷ শেখ হাসিনা ক্ষমতার জন্য বিভাজন তৈরি করেছিলেন। তবে আমাদের মাঝে কোনো বিভাজন নেই। এটাই বাংলাদেশের সৌন্দর্য। সব ধর্মের মানুষ একসাথে কাজ করছে বলেই সব চক্রান্ত নস্যাৎ করা যাচ্ছে।

রিজভী বলেন, নানা ষড়যন্ত্র এখনও চলছে। প্রত্যন্ত এলাকায় অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। পূজার এই সময়টাকে তারা কাজে লাগাতে ব্যস্ত। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই মদদ বহু আগে থেকেই দিয়ে আসছে একটি পক্ষ। দেশের এক ইঞ্চি জমির প্রতি যদি কেউ কু-নজর দেয়, তবে তার চোখ ফুটো করে দেয়া হবে। এদেশে হিন্দু মুসলিমে কোনো বিভেদ নেই। আমাদের খাবার, পোশাক, চিন্তা, সব এক।

You cannot copy content of this page