
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মী অবস্থান করলে তার তথ্য দিতে নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম। তিনি বলেন, তথ্যদাতাদের নাম-পরিচয় গোপন রাখা হবে।
নজরুল ইসলাম জানান, পুলিশ ইতোমধ্যে বিভিন্ন ফ্ল্যাট, আবাসিক হোটেল ও ছাত্রাবাসে রেইড দিয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অনেক স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফ্রি অবস্থান করছে। জনগণ তথ্য দিলে দ্রুত সেখানে গিয়ে পুলিশ তাদের আটক করবে। এতে করে ঝটিকা মিছিলের প্রবণতা কমে আসবে।
তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ সম্প্রতি ঝটিকা মিছিল করছে। এসব মিছিল থেকে ইতোমধ্যে অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ ক্ষেত্রে সাধারণ মানুষও সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও জনগণ সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অতিরিক্ত পুলিশ কমিশনার আরও বলেন, আসন্ন নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে নিষিদ্ধ দলটি। তাই তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :