আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পালিয়ে গিয়ে এখন এ সমস্ত কাজ ছাড়া আর কী করবে: আমীর খসরু মাহমুদ চৌধুরী
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৫, ২:২৭ অপরাহ্ন /
০
নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী এনসিপি নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এগুলোতে কিছু আসে-যায় না, এটা এমন বড় কিছুও না। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পালিয়ে গিয়ে এখন এ সমস্ত কাজ ছাড়া আর কী করবে, এটাই তো করবে। এর বাইরে তো আর কিছু করার নেই। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, উনাদের সমর্থকদের তো এ ধরনের কাজের বাইরে আর কিছু করার নেই আপাতত। দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন তারা যেগুলো করছে, এগুলো তো আরও ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করে দিচ্ছে।’
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে বেসরকারি মা ও শিশু জেনারেল হাসপাতাল মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ইন্টার্ন সমাপ্তি ও এমবিবিএস সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠান শেষে নিউইয়র্কের ঘটনায় সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে আমীর খসরু এসব কথা বলেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিরাপত্তা বিষয়ক এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘নিরাপত্তা তো কোনো দূতাবাস দেয় না। এটা সেই দেশের বিষয়। তবে দূতাবাসের ইন্টেলিজেন্স টিমে যারা আছেন, তাদের হয়তো এটা জানা উচিৎ ছিল। একটা গণতান্ত্রিক দেশে অনেক কিছুই হতে পারে। এটা আমাদের জন্য এমন বড় কিছু না। গণতান্ত্রিক সব দেশে এগুলো হয়ে থাকে। যার সমর্থন আছে সেও করতে পারে, যার সমর্থন নেই, সেও করতে পারে। এ কাজ করতে তো খুব বেশি কষ্ট করতে হয় না।’
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাওয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে গত ২২ সেপ্টেম্বর আমেরিকায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমীর ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম জারাসহ দলগুলোর আরও কয়েকজন রাজনীতিবিদ। সে দেশের বিমান বন্দরে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন দেশটিতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এর আগে, ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় আগামী দিনে মা ও শিশু হাসপাতালকে ইউনিভার্সিটিতে রূপান্তর করে স্বাস্থ্যসেবার বিস্তৃত করা হবে প্রতিশ্রুতি দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বিদেশে গিয়ে যে পরিমাণ রোগী বাংলাদেশ থেকে চিকিৎসা নেন, সেটা বন্ধ করতে চাই। যেদিন বন্ধ হবে সেদিন সফলতার উদাহরণ সামনে আসবে। যারা নতুন ডাক্তার হয়েছেন, তাদের এ বিষয়ে ভূমিকা রাখতে হবে।’
আপনার মতামত লিখুন :