
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পার্টনারশিপ সংক্রান্ত দ্বন্দ্বের জেরে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট আউটলেটের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শোভাগঞ্জ বাজারের আউটলেটটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আউটলেটটি যৌথভাবে পরিচালনা করছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমান ও শান্তিরাম ইউনিয়ন জামায়াতের আমীর। অংশীদারিত্ব ও ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই হঠাৎ উত্তেজনা সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত আউটলেটে তালা দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২০১৯ সালে সুজা মিয়া আউটলেটটি আনার উদ্যোগ নেন। তবে তৎকালীন জামায়াত-শিবিরের সঙ্গে তার সম্পৃক্ততার কারণে ব্যাংক কর্তৃপক্ষ তাকে প্রোপ্রাইটর হিসেবে অনুমোদন দেয়নি। পরবর্তীতে উপজেলা জামায়াত সেক্রেটারি আতাউর রহমান পরিস্থিতি স্বাভাবিক হলে সুজা মিয়াকে প্রোপ্রাইটর করার আশ্বাস দেন। কিন্তু পরে আতাউর রহমানের ভাই আলতাফ হোসেনকে প্রোপ্রাইটর করা হয়। লিখিত চুক্তি হওয়ার কথা থাকলেও তা আর হয়নি।
সম্প্রতি সুজা মিয়া প্রোপ্রাইটরশিপ ফেরত চাইলে আলতাফ হোসেন মালিকানা দাবি করেন। অন্যদিকে অন্যান্য শেয়ারহোল্ডাররা অভিযোগ করেন আলতাফ হোসেনের কোনো বিনিয়োগ বা আউটলেটের সরাসরি সম্পৃক্ততা নেই।
আউটলেটের ইনচার্জ সুজা মিয়া অভিযোগ করে বলেন, ব্যাংকটি আমি নিয়ে এসেছি। কিন্তু আতাউর রহমান কৌশলে মালিকানা নিয়ে নেন। উপজেলা আমীরকে বিষয়টি জানিয়েও কোনো সমাধান পাইনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শেয়ারহোল্ডারও একই অভিযোগ করে বলেন, থানা আমীর সমাধানে উদ্যোগ না নিয়ে বরং সেক্রেটারির পক্ষ নিচ্ছেন বলে ধারণা পাওয়া যাচ্ছে।
হঠাৎ ব্যাংকের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন শতাধিক গ্রাহক। স্থানীয় ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, প্রতিদিন এখানে টাকা লেনদেন করি। হঠাৎ তালা দেওয়ায় ব্যবসার টাকা জমা দিতে পারিনি। এতে ব্যবসার কাজে সমস্যা হচ্ছে।
গ্রামের কৃষকরাও অভিযোগ করেন, ধান বিক্রির টাকা তুলতে এসে তালাবদ্ধ ব্যাংকের সামনে ফিরে যেতে হচ্ছে। অনেক পরিবার মোবাইল ব্যাংকিং, বেতন ও বিভিন্ন লেনদেনের জন্য এ আউটলেটের ওপর নির্ভরশীল ছিল।
এ বিষয়ে ইসলামী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার মতো ঘটনা এজেন্ট আউটলেটে কাম্য নয়।
এবিষয়ে ব্যাংকের বর্তমান প্রোপাইটর আলতাফ হোসেনকে মুঠোফোনে বারবার কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :