চাঁদাবাজির অভিযোগে ৬ জনকে আসামি করে বিএনপি নেতার মামলা


মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি : প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৫, ৮:০০ পূর্বাহ্ন /
চাঁদাবাজির অভিযোগে ৬ জনকে আসামি করে বিএনপি নেতার মামলা
রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা চাঁদাবাজি, সাইবার হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে পীরগাছা থানায় ৬ জনের নামে মামলা করেছেন।

‎উক্ত মামলায় আসামিরা হলেন— উপজেলার কালীগঞ্জ এলাকার শরিয়তউল্যার ছেলে সাঈদ আল কুদরী (৪৫), একই এলাকার রমজান আলীর ছেলে শামিম হোসেন (২৮), মোসলেম উদ্দিনের ছেলে হেলাল হোসেন (৩২) ও অনন্তরাম,কালীগঞ্জ এলাকার রমজান আলীর ছেলে শামছুল হক সবুজ (২২), চণ্ডিপুর এলাকার নুরুল ইসলামের ছেলে মাহাদী হাসান বিপু (২৩),  মাছুয়াপাড়া গ্রামের তোজাম্মেল হক মুন্সির ছেলে রাজীব মুন্সি (৩২)। এছাড়া মামলায় ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

‎মামলার এজাহার থেকে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভূঁইফোর একটি নিউজ পোর্টাল ‘সংবাদ৩৬৫.নিউজ’ ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচার করছে। একইসঙ্গে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

‎এছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে ৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ করা হয়।

এ বিষয়ে মামলার বাদী আমিনুল ইসলাম রাঙা দাবি করেন, ৫ আগস্ট থেকে ‘সংবাদ৩৬৫.নিউজ’ ওয়েবসাইট ও ‘সংবাদ৩৬৫’ ফেসবুক পেজে তার ব্যক্তিগত সুনাম নষ্ট করতে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে।

‎অভিযোগে বলা হয়, পোর্টালটিতে বিকৃত ও সাজানো তথ্য এবং পূর্বে ধারণ করা ভিডিও ব্যবহার করে ধারাবাহিকভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা সাইবার অপরাধ হিসেবে দণ্ডনীয়।

‎অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা পেশাদার সাংবাদিক না হয়েও সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তারা রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে এসব অপপ্রচার চালাচ্ছে।বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, এ ঘটনায় ৬ জনের নামে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

You cannot copy content of this page