
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী।
রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত খালেদা জিয়ার বাসভবনে যান তিনি। ৪৫ মিনিট ধরে তাদের মধ্যে কথা-বার্তা হয়।
এ সময় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ ছয় সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সাক্ষাৎ শেষে ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য মূলত এসেছিলেন। উনার আশু আরোগ্য কামনা করেছেন।
এছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের পক্ষে থেকে ম্যাডামকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, সাক্ষাতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, দক্ষিণ এশীয় সহযোগিতা ফোরাম সার্ককে শক্তিশালী প্রভৃতি বিষয় নিয়ে আলাপ হয়েছে। তবে দেশের রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :