বগুড়ায় গণশুনানিতে দুদক চেয়ারম্যানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ


বগুড়া প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৫, ৩:৪৮ অপরাহ্ন /
বগুড়ায় গণশুনানিতে দুদক চেয়ারম্যানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ

বগুড়ায় লিখিত অভিযোগ না নেওয়ায় দুদক চেয়ারম্যানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে নিক্ষেপ করা জুতাটি কারও শরীরে না লেগে অতিথি মঞ্চের নিচে পড়ে যায়। রবিবার (১০ আগস্ট) দুপুরে জেলা শহরের সাতমাথা শহীদ টিটু মিলনায়তনে এ ঘটনা ঘটে।

দীর্ঘদিন ধরে পুলিশ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়ে প্রতিকার না পেয়ে হতাশা থেকে তার এ ক্ষোভ বলে জানা গেছে।

সূত্র জানায়, ছাকোয়াত হোসেন মন্ডল (৬৫) পেশায় একজন মৎস্য চাষি। মৎস্য চাষ বিষয়ে বিভিন্ন সময়ে তিনি সরকারি লোকজনের দ্বারা প্রতারিত হয়ে শেষ চেষ্টা হিসেবে তিনি বগুড়ায় দুদকের গণশুনানিতে অভিযোগ জমা দিতে যান তিনি। কিন্তু সেখানেও তার অভিযোগ গ্রহণ না করার অভিযোগ করেন এই মৎস্য ব্যবসায়ী। এক পর্যায়ে সকলের উপস্থিতিতে গণশুনানি চলাকালে হঠাৎ উত্তেজিত হয়ে ওঠেন বয়োবৃদ্ধ ছাকোয়াত হোসেন।

ক্ষিপ্ত হয়ে দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেনের দিকে নিজের পায়ের জুতা নিক্ষেপ করেন। ঘটনার পরপরই উপস্থিত সরকারি কর্মচারীরা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।

জুতা নিক্ষেপের কারণ জানতে চাইলে ছাকোয়াত হোসেন উপস্থিত সাংবাদিকদের জানান, প্রায় সব দপ্তরে অভিযোগ দিয়েও বিচার পাননি। মানবাধিকার কমিশন দুবার তার পক্ষে রায় দিলেও তা কার্যকর করা হয়নি।

দুদকের এই অনুষ্ঠানে শুধু সদর থানার অভিযোগ নিচ্ছে, তারটা নিচ্ছে না। তাই এই আক্ষেপেই তিনি জুতা নিক্ষেপ করেন।

 

তিনি জানান, জেলে যাওয়ার প্রস্তুতি নিয়েই তিনি বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। জুতা নিক্ষেপ করলে জেলে যেতে হবে, সেটা তিনি জানেন।

এ বিষয়ে জানতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

গণশুনানিতে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন ছাড়াও মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

You cannot copy content of this page