
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশকে যারা সন্ত্রাসের অরণ্যভূমি বানিয়েছিল, এ দেশের ছাত্র-জনতা সেই ফ্যাসিস্টকে উৎখাত করেছে। আজকে অভ্যুত্থানের এক বছর না যেতেই আবার ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে। কয়েকদিন ধরে সেই পুরোনো ফ্যাসিস্ট আবার ভার্চুয়াল মিটিং করে দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। এবার শেখ হাসিনা ভারত থেকে দেশে আসতে পারলে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মমিনপুর কলেজ মাঠে আয়োজিত জুলাই শহীদদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা চোরের মতো পালিয়ে গেছে। শেখ হাসিনা ১৫ বছর অবৈধভাবে ভোটবিহীন ক্ষমতায় ছিল। এখন যতই ষড়যন্ত্র করুক, সেই সুযোগ আর বাংলার মানুষ দেবে না। যতই ভার্চুয়াল মিটিং করেন না কেন, শেখ হাসিনাকে আর মানুষ সুযোগ দেবে না।
সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, সবার প্রতি আমার আহ্বান। সবাই মিলে যেভাবে ফ্যাসিস্টকে উৎখাত করেছিলেন, বিতাড়িত করেছিলেন, সেভাবেই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। পতিত ফ্যাসিস্ট যেন আর কোনো সুযোগ না পায়।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :