মব জাস্টিস’ বা মবতন্ত্র এবং প্রতিহিংসার রাজনীতি চলছে-রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা


মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৫, ৪:৫১ অপরাহ্ন /
মব জাস্টিস’ বা মবতন্ত্র এবং প্রতিহিংসার রাজনীতি চলছে-রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা

দেশে বর্তমানে আইনের শাসনের বদলে ‘মব জাস্টিস’ বা মবতন্ত্র এবং প্রতিহিংসার রাজনীতি চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মব বা লোকবল জড়ো করে এখন যা ইচ্ছে তাই করা হচ্ছে, যা দেশের রাজনীতির স্বাভাবিক পরিবেশের জন্য বড় হুমকি।

‎শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয়ে ‘সংবিধান সংরক্ষণ ও গণতন্ত্র রক্ষা দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আইনের সঠিক প্রয়োগ না থাকার অভিযোগ তুলে জাপা কো-চেয়ারম্যান বলেন, ‘দেশটা এখন মবের হয়ে গেছে। মব তৈরি করতে পারলেই আইনের গতি রোধ করা যায়, এমনকি হাইকোর্টের বিচারপতিকেও সরানো সম্ভব হয়। মব সৃষ্টি করে নির্বাচন কমিশনেও নিজেদের ইচ্ছামতো সবকিছু করিয়ে নেওয়া হচ্ছে।’

‎বর্তমান নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে মোস্তাফিজার রহমান বলেন, ‘এই কমিশন মেরুদণ্ডহীন। এদের দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া অত্যন্ত কঠিন।’ তিনি অভিযোগ করেন, নির্বাচনের জন্য যে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ থাকা দরকার, তা বর্তমানে অনুপস্থিত। ফলে আগামী নির্বাচন কতটুকু সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, তা নিয়ে জনমনে যথেষ্ট সংশয় রয়েছে।

‎রাজনীতিতে ধর্মের ব্যবহারের কঠোর সমালোচনা করে তিনি জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেন, ‘একটি দল এখন বেহেশতের টিকিট বিক্রি শুরু করেছে। তাদের প্রতীকে ভোট দিলেই নাকি বেহেশতে যাওয়া যাবে। এ ধরনের কথা বলে সাধারণ মানুষকে আর ধোঁকা দেওয়া যাবে না।’

‎জাতীয় পার্টিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে তিনি বলেন, ‘আমরা ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে লালন করি। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, তাদের আমরা ঘৃণা করি।’

‎তিনি আরও বলেন, জাতীয় পার্টি সবসময় ভোটের রাজনীতিতে বিশ্বাসী। একমাত্র ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচন ছাড়া জাপা সব নির্বাচনে অংশ নিয়েছে। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে দেশের অভূতপূর্ব উন্নয়নের কথা স্মরণ করে তিনি বলেন, রংপুরের মানুষ এরশাদকে ভালোবেসে বারবার বিপুল ভোটে নির্বাচিত করেছে।

‎রংপুর জেলা জাপার আহ্বায়ক আজমল হোসেন লেবুর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এম এম ইয়াসিরসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

You cannot copy content of this page