
ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলায় বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার আঠারবাড়ি এলাকার মধুপুর পশ্চিম পাড়া (কওমী) মাদরাসা মাঠে আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বিএনপি, এর অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনগণ অংশ নেন। ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দও উপস্থিত থেকে দেশনেত্রীর সুস্থতার জন্য সবাইকে একসাথে হাত তুলে দোয়া করতে আহ্বান জানান।
আয়োজক আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. এনামুল হক এনাম বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জাতীয় ঐক্যের প্রতীক। তিনি কখনও ফ্যাসিস্ট শক্তির ভয়-জুলুমের মুখে দেশ ছেড়ে পালাননি। বরং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন আপসহীন ভূমিকা রেখেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ। দেশব্যাপী কোটি মানুষ তার সুস্থতার জন্য আন্তরিকভাবে প্রার্থনা করছেন।”
দোয়া মাহফিলে স্থানীয় ওলামা দলের নেতৃবৃন্দ বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। আশপাশের গ্রাম থেকে উপস্থিত বহু মানুষ তাদের চোখের জলে দেশনেত্রীর জন্য প্রার্থনা করেন।
মাহফিল শেষে উপস্থিত সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়। স্থানীয় নেতারা জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারা নিয়মিত দোয়া ও গণপ্রার্থনা কর্মসূচি পালন করে আসছেন। তারা বিশ্বাস করেন, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে জাতিকে আবারো নেতৃত্ব দিতে সক্ষম হবেন।
এই দোয়া মাহফিল শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং স্থানীয় জনগণের হৃদয়ে বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রতিফলন।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :