
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের নিভিয়াঘাটা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গর্ভনিং বডি নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক পরিচালনা ও উন্নয়ন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ এ নির্বাচনে মোট ৭৫০ ভোটারের মধ্যে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল উৎসবমুখর। বেলা বাড়ার সঙ্গে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হলেও প্রশাসনের কঠোর নজরদারিতে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ভোট গ্রহণ স্বাভাবিকভাবে চলতে থাকে।
এক স্থানীয় বাসিন্দা জানান, নির্বাচনী প্রচারণায় ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তবে শিক্ষার মানোন্নয়ন বা শিক্ষার্থী কল্যাণে কোনো প্রার্থীই স্পষ্ট ইশতেহার ঘোষণা না করায় সাধারণ ভোটারদের মধ্যে হতাশার কথাও শোনা যায়।
প্রিজাইডিং অফিসার বলেন, “ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।”
ভোট দিতে আসা অভিভাবকদের অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এই নির্বাচনের বিজয় কোনো ব্যক্তির নয়—এটি শিক্ষার বিজয়। শিক্ষা উন্নয়নে গর্ভনিং বডির সদস্যরা যেন দায়িত্বশীল ভূমিকা রাখেন, সেটাই আমাদের প্রত্যাশা।”
নির্বাচনের মাঠে উপস্থিত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের কেউ কেউ এ বিজয়কে তাদের নেতৃত্বের সাফল্য হিসেবে দাবি করেন। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত গর্ভনিং বডি নীতি, সততা ও উন্নয়নের ধারাকে সামনে রেখে মাদ্রাসাটিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করবে।
প্রকাশিত ফলাফলে ইবতেদায়ী ও দাখিল স্তরে ওবায়দুল হক (১ম, ১৯২ ভোট) ও আলিম স্তরে হেবাল উদ্দিন (১ম, ২২৫ ভোট) অর্জন করে শীর্ষপদ লাভ করেছেন।
এখন দেখার বিষয়—গণমানুষের প্রত্যাশা অনুযায়ী শিক্ষা উন্নয়ন কতটা বাস্তবায়িত হয়।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :