ডিসেম্বরে ব্রাকসু নির্বাচনের দাবি: শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম


পারভেজ হাসান বেরোবি প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন /
ডিসেম্বরে ব্রাকসু নির্বাচনের দাবি: শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ ও ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচন সম্পন্নের দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ ফটকে শুরু হওয়া এ কর্মসূচি ঘিরে পুরো ক্যাম্পাসে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়। পরে ‘ব্রাকসু নিয়ে তালবাহানা, চলবে না চলবে না’, ‘২৪ ঘণ্টায় রোডম্যাপ, দিতে হবে দিতে হবে’ সহ বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে পদযাত্রা করেন।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ব্রাকসু আইন পাস হওয়ার পর প্রায় ২২ দিন অতিক্রান্ত হলেও প্রশাসন এখনো কোনো রকম রোডম্যাপ প্রকাশ করেনি। এতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে বলে তারা মনে করছেন।

ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী ও সাবেক সমন্বয়ক আশিকুর রহমানের বলেন, প্রশাসনের মধ্যে স্পষ্ট গড়িমসি লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, “আইন পাসই ছিল প্রধান শর্ত। এখনো রোডম্যাপ না দেওয়া প্রশাসনের অনীহা প্রকাশ করে। আমরা আর কোনো তালবাহানা মেনে নেব না প্রয়োজনে কঠোর কর্মসূচিতে যাব।”

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তাসলিমা শেখ মিম বলেন, শহীদ আবু সাঈদ ভাইয়ের আত্মত্যাগের পর শিক্ষার্থীরা তাদের অধিকারের বিষয়ে আরও বেশি সচেতন হয়ে উঠেছেন। তিনি বলেন, ‘ব্রাকসু নির্বাচন সময়মতো হওয়া আমাদের ন্যায্য দাবি। প্রশাসনকে অবিলম্বে রোডম্যাপ প্রকাশ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজন করতে হবে।’

কর্মসূচির শেষে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। তারা জানান, আর কোনো অপেক্ষা নয়। ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত না এলে কঠোর আন্দোলনের ডাক দেয়ার সিদ্ধান্ত নেবেন তারা।

You cannot copy content of this page