‎বাহুবলের ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে নাগরিক ফোরামের মানববন্ধন ও মিছিল


মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৫, ১:২০ পূর্বাহ্ন /
‎বাহুবলের ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে নাগরিক ফোরামের মানববন্ধন ও মিছিল
হবিগঞ্জের বাহুবল উপজেলার ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে মিরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত নাগরিক ফোরাম। গ্যাস সংযোগের দাবি জানিয়ে  উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে ১ অক্টোবর স্বারকলিপি প্রদান করে বাহুবলের স্থানীয় এ সংগঠন । কিন্তু দাবি বাস্তবায়নের কোন উদ্যোগ পরিলক্ষিত না হওয়ায় সম্মিলিত নাগরিক ফোরাম বাহুবলের মিরপুর চৌমুহনায় রবিবার সকাল ১১ টায় মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে আশপাশের সবকটি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতস্ফুর্তভাবে অংশ গ্রহণ করে।
‎এতে বক্তব্য রাখেন, জেলা ছাত্র শিবিবের সাবেক সভাপতি মীর জমিলুন্নবী ফয়ছল, আলহাজ্ব হোসাইন মোঃ শামীম, ছাত্র প্রতিনিধি তোফায়েল আহমেদ, মিনহাজ ছাহাম, ফয়ছল আহমেদ, হাফেজ বজলুর রহমান, নবীর হোসেন হৃদয়, হাফিজুর রহমান শাওন, কাওছার আহমেদ প্রমুখ।
‎বক্তারা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে দাবি বাস্তবায়নের উদ্যোগ না নিলে রশিদপুর গ্যাসফিল্ডের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।
‎উল্লেখ্য, বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসফিল্ডের ৭টি কুপ হতে দৈনিক প্রায় ৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয় এবং সেখান থেকে দৈনিক প্রায় ৮ মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কিন্তু বাহুবল উপজেলাবাসী গ্যাস ব্যবহার থেকে বঞ্চিত। এক যুগ ধরে বন্ধ রয়েছে নতুন গ্যাস সংযোগ। মূলত গুটিকয়েক এলপিজি (বোতলজাত গ্যাসের সিলিন্ডার) ব্যবসায়ীর স্বার্থরক্ষায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
‎কার্যত আবাসিক গ্যাস সংযোগ বৈধ উপায়ে বন্ধ থাকলেও বিভিন্ন এলাকায় অধিকাংশ গ্রাহক অবৈধ উপায়ে গ্যাস সংযোগ নিয়েছে। এতে করে গ্যাস বিতরণ কোম্পানিগুলো রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার। দেশের মোট গ্যাসের শতকরা ১২ শতাংশ ব্যবহার করা হয় আবাসিক খাতে। বাকিটা শিল্প ও অন্যান্য খাতে।
‎সম্মিলিত  নাগরিক ফোরাম বাহুবলের নেতা মোঃ তোফায়েল আহমেদ বলেন, কিছু এলাকায় গ্যাস থাকবে আবার কিছু এলাকায় থাকবে না এটা বৈষম্য। বাহুবলবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরনে আমাদের দাবীর বিষয়ে সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের জরুরী পদক্ষেপ গ্রহন করা উচিৎ।

You cannot copy content of this page