বরগুনার বামনার সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মুর্তাজা আহসান মামুনের জামায়াতে যোগদান


জেলা প্রতিনিধি,বরগুনা প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ৯:৫৯ পূর্বাহ্ন /
বরগুনার বামনার সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মুর্তাজা আহসান মামুনের জামায়াতে যোগদান

বরগুনার বামনা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বরগুনা জেলা বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তার সঙ্গে যোগ দিয়েছেন বামনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুর রহমান দিনার।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় বামনা উপজেলার সৈয়দ রহমত আলী স্টেডিয়ামে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এসময় বিএনপি-স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন মতাদর্শের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন।

এসময় বরগুনা জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন ও বরগুনা-২ আসনের জামায়াতের প্রার্থী ডা. সুলতান আহমেদ ফুল দিয়ে তাদের বরণ করেন।

জামায়াতে যোগদান বিষয়ে সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন বলেন, ১৯৮৭ সালে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের পদ থেকে ইস্তফা দিয়ে বামনায় ফিরে এসে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হই। পরে ২০০২ সালে তৎকালীন সংসদ সদস্য আলহাজ্জ্ব নূরুল ইসলাম মণির আহ্বানে বিএনপিতে যোগ দিয়ে বরগুনা জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করি। ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় আমাকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে একাধিকবার আবেদন করেও দলে ফিরতে পারিনি।

তিনি আরও বলেন, বিএনপি থেকে বহিষ্কারের পর দীর্ঘ সময় নির্দলীয় অবস্থান থেকে এলাকার শিক্ষা, সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলাম। সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরীণ সংকট ও নৈতিক অধঃপতনে হতাশ হয়ে আমি জামায়াতে ইসলামীতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।

এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুর রহমান দিনার বলেন, বিএনপি করতে গিয়ে নির্যাতন, মামলা ও কারাভোগ করেছি। কিন্তু দলের অভ্যন্তরে অনিয়ম ও বিশৃঙ্খলা মেনে নেওয়া যায় না। তাই জামায়াতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।

You cannot copy content of this page