
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে প্রচারণার উত্তাপ। ইতোমধ্যেই মাঠে নেমেছেন অন্তত অর্ধ ডজন প্রার্থী। দলীয় বিভেদ থাকলেও প্রচারের মাঠে একসঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন প্রার্থীর পোস্টার-ব্যানার ও প্রচারণা সামগ্রী।
ঈশ্বরগঞ্জে বিএনপির মনোনয়ন নিয়ে চলছে তীব্র প্রতিযোগিতা। সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ নূরুল কবীর শাহীন এবং আয়নাঘরে নির্যাতনের শিকার উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু—দুজনেই ভোটারদের মন জয় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
দলীয় কোন্দল সত্ত্বেও উভয় প্রার্থীর সমর্থকরা মাঠে সক্রিয়। বাড়ি-ঘর, হাট-বাজার ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যস্ত প্রচারণা। তারা ভোটারদের সামনে তুলে ধরছেন দলের ৩১ দফা প্রতিশ্রুতি এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনা।
[সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন বলেন, “এলাকার মানুষ এখনো আমার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসে। দলের ঐক্য পুনরুদ্ধারে আমি কাজ করছি। মনোনয়ন পেলে সকল নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু জানান, “মানবিকতার তাগিদেই আমি রাজনীতিতে এসেছি। দলের অবহেলিত নেতাকর্মী ও নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে ঈশ্বরগঞ্জে বিএনপিকে শক্তিশালী করতে চাই।” তথ্যসূত্র- বিডি-প্রতিদিন ডট কম]
ঈশ্বরগঞ্জের তরুণ প্রজন্ম বা জেন-জি ভোটাররা এবার বেশ সচেতন। প্রার্থীদের প্রতিশ্রুতি ভিডিও আকারে সংরক্ষণ করছেন তারা—যাতে নির্বাচনের পরও তা স্মরণ করিয়ে দেওয়া যায়। তরুণদের এমন উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
বিএনপির সঙ্গে পাল্লা দিতে মাঠে নেমেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মঞ্জরুল হক হাসান। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি হাবিবুল্লাহও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলালের কর্মী-সমর্থকেরাও নিয়মিত মিছিল-মিটিং করে প্রচারণা চালাচ্ছেন।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) সংসদীয় আসনটি ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৬২২ জন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক মাঠ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনে বিএনপির অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা এবং তরুণ ভোটারদের ভূমিকা আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :