রাজশাহীর বাঘায় গভীর রাতে মাটির ঘর ধসে পড়ায় স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯অক্টোবর) দিবাগত রাতে ( রাত ১টার দিকে) উপজেলার কিশোর পুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—রজব আলী(৬৫) ও তার স্ত্রী মর্জিনা(৫৫ বেগম।
স্থানীয়রা জানান, রাতের নীরবতায় হঠাৎ মাটির দেয়াল ভেঙে তাদের ওপর পড়ে গেলে দুজনই নিচে চাপা পড়েন। রজব আলীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে মাটি সরিয়ে তাদের উদ্ধার করেন।
এলাকাবাসীর ধারণা, কয়েকদিনের টানা বৃষ্টির ফলে ঘরের চারপাশে পানি জমে দেয়ালের নিচের অংশ নরম হয়ে যাওয়ায় ঘরটি ধসে পড়ে।
দুর্ঘটনার পর পরই প্রতিবেশীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেছেন। এখানে তাদের চিকিৎসা চলমান রয়েছে। বর্তমানে তারা শারীরিকভাবে বেশ দুর্বল অবস্থায় আছেন।
স্থানীয়রা জানান, রজব আলী একজন দিনমজুর। সংসারের অভাব অনটনের কারণে ঘর মেরামত করার মতো অর্থ তাদের নেই। মাটির পুরোনো ঘরটিই ছিল তাদের একমাত্র আশ্রয়। এখন সেটিও ভেঙে যাওয়ায় তারা অন্যের বাড়িতে দিন কাটাচ্ছেন।
এলাকাবাসী অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :