
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
রবিবার (৫ অক্টোবর) রাতে গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সুন্দরগঞ্জের ওই নারীর মৃত্যু অ্যানথ্রাক্সে নয়। বরং উচ্চ রক্তচাপ ও হৃদরোগজনিত জটিলতার কারণে হয়েছে।
এর আগে কিছু গণমাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যানথ্রাক্সে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশিত হয়। তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানিয়েছেন, এমন কোনো ঘটনা ঘটেনি এটি সম্পূর্ণ গুজব।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মৃত নারীর নাম রোজিনা বেগম (৪৫)। তিনি সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের আবুল হোসেনের স্ত্রী। ৩০ সেপ্টেম্বর অসুস্থ একটি ছাগল জবাই করার সময় হাতে আঘাত পান এবং পরবর্তীতে হাতে দুটি ফোসকা দেখা দেয়। স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান বলেন,অ্যানথ্রাক্সে ত্বকে ফোসকা দেখা দিলেও মৃত্যু খুবই বিরল ঘটনা। তাই এ নিয়ে আতঙ্ক বা বিভ্রান্তি না ছড়িয়ে বরং সচেতনতা বাড়ানো প্রয়োজন।
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক জানান,রোজিনা বেগম প্রেসারজনিত জটিলতা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অ্যানথ্রাক্সে মৃত্যু হওয়ার কথা নয়। অ্যানথ্রাক্স খুব কম ক্ষেত্রেই প্রাণঘাতী হয়।
এর আগে, ২৭ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিসামত চর এলাকায় অসুস্থ একটি গরু জবাই করার পর ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দেয়। বর্তমানে তারা স্থানীয়ভাবে ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :