টাঙ্গাইলে ডাকাতির ঘটনায় মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার


টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন /
টাঙ্গাইলে ডাকাতির ঘটনায় মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার

টাঙ্গাইলের ঘাটাইলে স্বর্ণকার অমল বনিকের বাড়িতে ডাকাতির ঘটনায় মূলহোতাসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন স্থান থেকে ধাওয়া করে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— সোহাগ মন্ডল, মিন্টু, মোশাররফ, জসিম, আমিনুল, আনোয়ার ও ময়নাল।

বুধবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, গত ১৮ আগস্ট ভোরে ঘাটাইলের চকপাকুটিয়ার স্বর্ণকার অমল বনিকের বাড়িতে ১০-১২ জন ডাকাত দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে অমলের মা কৃষ্ণা রাণীকে হত্যার ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, রূপার গহনা, পিতলের প্রতিমা ও মোবাইলসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল লুণ্ঠন করে।

এ সময় অমল বাঁধা দিলে ডাকাতরা তার হাতে থাকা ধারালো ছোড়া দিয়ে বাম হাতের কব্জিতে আঘাত করে জখম করে। চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ডাকাতরা পটকার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

পরে অমল বনিক বাদি হয়ে অভিযোগ দায়ের করলে ২৪ আগস্ট রাতে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর থেকে ডাকাত দলের সক্রিয় সদস্য মো. সোহাগ মন্ডলকে গ্রেপ্তার করা হয় এবং লুণ্ঠিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত অন্যান্য আসামি ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য একাধিক অভিযান পরিচালনা করা হয়। মিন্টু নামের মূল মাস্টারমাইন্ডকে নেত্রকোনার কেন্দুয়া থেকে গ্রেপ্তার করা হয় এবং তার দেখানো অনুযায়ী অন্যান্য আসামিদের বিভিন্ন সময়ে গাজীপুরের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে লুণ্ঠিত স্বর্ণ ও রূপা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল।

You cannot copy content of this page