
দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে স্বদেশে ফিরে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার রাত ১০টার পর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন এবং শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এর আগে নিয়ম অনুযায়ী বিকেলে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাঁর পক্ষ থেকে সেখানে ফুলেল শ্রদ্ধা জানান।
শুক্রবার জুমার নামাজ শেষে গুলশানের বাসভবন থেকে একটি লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসে করে যাত্রা শুরু করেন তারেক রহমান। তিনি প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন এবং সেখান থেকে সরাসরি সাভারের স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন। তার এই আগমনকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকেই স্মৃতিসৌধ ও এর আশপাশের কয়েক কিলোমিটার এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।
ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে শুরু করে প্রধান ফটক পর্যন্ত ছিল মানুষের উপচে পড়া ভিড়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার লন্ডন থেকে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানসহ দেশে ফেরেন তারেক রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা।
পরে বিমানবন্দরেই শাশুড়ির কাছ থেকে ফুলের মালা দিয়ে বরণ শেষে তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিশাল সংবর্ধনা সমাবেশে যোগ দেন। সমাবেশ শেষে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যান এবং সেখান থেকে গুলশানের বাসভবনে ফেরেন।
তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছিল। শহিদদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :