বড়াইগ্রামে অগ্নিকান্ডে সিএনজি অটোরিক্সা ও গরু-ছাগল সহ বসতবাড়ি পুড়ে ছাই


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৫, ১০:৩১ অপরাহ্ন /
বড়াইগ্রামে অগ্নিকান্ডে সিএনজি অটোরিক্সা ও গরু-ছাগল সহ বসতবাড়ি পুড়ে ছাই

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর সরকার পাড়ার ছলেমান মোল্লার বাড়িতে আকস্মিক আগুন লেগে পুড়ে যায় বসতবাড়ি। এতে ঘরের বারান্দায় থাকা একটি সিএনজি অটোরিক্সা সম্পূর্ণ পুড়ে যায় এবং গোয়ালঘরে থাকা দুইটি গরু ও ৩টি ছাগল পুড়ে মারা যায়। শনিবার ভোররাতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। এতে ক্ষতির পরিমাণ ১৫ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।
গৃহকর্তা ছলেমান মোল্লা জানান, রাতে হঠাৎ আগুন লাগলে দ্রুত ঘর থেকে বের হয়ে লোকজনকে ডাকাডাকি করি। কিন্তু বারান্দায় রাখা সিএনজি অটোরিক্সা রয়েছে এবং তাতে গ্যাস সিলিন্ডার আছে- এ ভয়ে কেউ কাছে এসে আগুন নেভানোর সাহস করেনি। ফলে আগুনে একে একে বসতবাড়ির ২টি ঘর সহ সকল আসবাবপত্র, সিএনজি অটোরিক্সা, ৫টি গবাদিপশু পুড়ে যায়। গৃহকর্তা আরও জানান, সমিতি থেকে সুদে লোন নিয়ে ছেলে ইকরাম হোসেনকে সিএনজি অটোরিক্সা কিনে দিয়েছিলাম। এখনও লোনের অধিকাংশ টাকা বাকি রয়েছে। এরই মধ্যে আমার সবই শেষ হয়ে গেলো।
একই এলাকার বাসিন্দা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উপজেলা কমিটির যুগ্ম সমম্বয়কারী মাহমুদ উন নুহু জানান, আগুনের সুত্রপাত সম্পর্কে কিছুই বলতে পারছেন না গৃহকর্তা ও পরিবারের সদস্যরা। আগুন লেগেছে জানতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভায়। এর আগ পর্যন্ত স্থানীয়রা চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি।
বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মোমিন আলী জানান, এই অগ্নিকান্ডে গৃহকর্তা ও তার ছেলের পরিবার পুরোপুরি নিঃস্ব হয়ে গেলো। তাকে সাধ্যমতো ব্যক্তিগত সহায়তা করা হয়েছে এবং সরকারী সহায়তা যেনো দ্রুত পায় তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

You cannot copy content of this page