রংপুরে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে অস্ত্রসহ দুই এনসিপি নেতা আটক


পারভেজ হাসান বেরোবি প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৫, ১২:১১ অপরাহ্ন /
রংপুরে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে অস্ত্রসহ দুই এনসিপি নেতা আটক

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এলাকায় শহীদ আবু সাঈদ চত্বরে আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে শিক্ষার্থী ও স্থানীয় জনতা।

সোমবার (১৭ নভেম্বর) রাতের এ ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়। আটক ব্যক্তিরা হলেন মো. রাগিব ও তুষার।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে শহীদ আবু সাঈদ চত্বরের কাওছার একাডেমির সামনে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে তুষার ও রাগিব এগিয়ে এলেও একপর্যায়ে তারা নিজেরাই উত্তেজিত হয়ে পিস্তল বের করে গুলি করার হুমকি দেয়। তাৎক্ষণিকভাবে উপস্থিত ছাত্র-জনতা তাদের ধাওয়া করে গণধোলাই দেয় এবং পরবর্তীতে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করে।

প্রত্যক্ষদর্শী মো. আব্দুল হাকিম জানান, “পূর্বের একটি মারামারির জেরে অর্ত নামের এক যুবকের ওপর মোটরসাইকেলে এসে একদল লোক হামলা চালায়। স্থানীয়রা পরিস্থিতি থামানোর চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় ভুক্তভোগীর মামা পরিচয়ে দুই এনসিপি নেতা ঘটনাস্থলে এসে পিস্তল বের করে গুলি করার চেষ্টা করেন। পরে উপস্থিত সবাই মিলে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।”

এ বিষয়ে তাজহাট থানার এসআই মো. মোসাদ্দেক জানান, আটক দু’জনের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পরবর্তীতে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

You cannot copy content of this page