ছিনতাইকারীর চাপাতির আঘাতে আহত আহমাদ ওয়াদুদ বৃহস্পতিবার রাতে অভিযোগ জানাতে রাজধানীর মোহাম্মদপুর থানায় যান। ডিউটি অফিসার এসআই জসীম উদ্দিন অভিযোগ নিতে আগ্রহ দেখাননি। উল্টো আহতের শার্টের একটি বোতাম খোলা দেখে রুঢ়ভাবে বলেন, ‘শার্টের বোতাম লাগান।’
ব্যবস্থা না নিয়ে সময়ক্ষেপণ দেখে পরে ওসি আলী ইফতেখার হাসানের কক্ষে গিয়ে ছিনতাইয়ের ঘটনা জানান আহমাদ। শুনে ওসি বলেন, ‘আমি ওসি হয়েও এই কম দামি ফোন ব্যবহার করি। আপনি এত দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই!’ শেষ পর্যন্ত ঘটনাস্থলে নিয়ে ছিনতাইকারীদের চিনিয়ে দিলেও পুলিশ তাদের ধরেনি বলে অভিযোগ আহমাদের।
পুলিশের সেবা পেতে এমন হয়রানির বিষয়ে বণিক বার্তার সহসম্পাদক আহমাদ ওয়াদুদ ফেসবুকে পোস্ট দিলে তা ছড়িয়ে পড়ে। সমালোচনার এক পর্যায়ে শুক্রবার ছিনতাইয়ে জড়িত তিনজনকে গ্রেপ্তার ও মোবাইল ফোন উদ্ধারের কথা জানায় পুলিশ। গ্রেপ্তার তিনজন হলো– ইউসুফ, সিয়াম ও জহুরুল। তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।
তিনি সমকালকে বলেন, ‘বিষয়টি নজরে আসার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। দায়িত্বে অবহেলার অভিযোগে চারজনকে মোহাম্মদপুর থানা থেকে প্রত্যাহার করে আমার কার্যালয়ে সংযুক্ত করেছি। এ ছাড়া তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আলমগীর কবিরকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
মোহাম্মদপুর থানা থেকে প্রত্যাহার করা হয়েছে এসআই জসীম উদ্দিন, এএসআই আনারুল, কনস্টেবল মাজেদুর রহমান ও মো. নুরুন্নবীকে।
এর আগে বৃহস্পতিবার সাংবাদিক আহমাদ ওয়াদুদ ফেসবুকে লেখেন, “আজ রাত ১১টার দিকে মোহাম্মদপুরে আমার সঙ্গে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা আমার একটি মোবাইল ফোন, কিছু টাকাপয়সাসহ মানিব্যাগ নিয়ে যায়। আমাকে চাপাতি দিয়ে আঘাত করে। সৌভাগ্যবশত আঘাত গুরুতর নয়। আমি এবং আমার স্ত্রী ঘটনার ৫ মিনিটের মধ্যে থানায় যাই। ডিউটি অফিসারের রুমে গিয়ে বলি, ৫ মিনিট আগে তিন রাস্তার মোড়ে আমার সঙ্গে একটি ছিনতাই হয়েছে। তারা আমাকে বললেন, ‘একটু অপেক্ষা করেন, দেখছি।’”
ডিউটি অফিসারের অসহযোগিতা ও অপেশাদার আচরণের বর্ণনা দেন তিনি। এক পর্যায়ে অভিযোগটি নেওয়ার জন্য আবারও অনুরোধ করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, অভিযোগ লেখার লোক নেই। ভুক্তভোগী নিজে লিখে দেওয়ার কথা বললে কাগজ দেওয়া হয়। তবে কলম চেয়ে পাননি। ভুক্তভোগী লিখেছেন, “আমার স্ত্রী নিজের ব্যাগ খুঁজে একটি কলম দিলেন। আমি সেটি দিয়ে অভিযোগ লিখলাম। ডিউটি অফিসার আমার অভিযোগের কোনো কপি দিলেন না। শুধু আমাকে একটি ফোন নম্বর দিয়ে বললেন, ‘এটি এএসআই আনারুলের নম্বর। উনি এখন নবোদয় হাউজিংয়ে ব্যস্ত আছেন। আপনি ফোনে উনার সঙ্গে কথা বলেন।’ আমি তখন তাকে বললাম, আমার মনে হয়, এখন ঘটনাস্থলে গেলে ওদের পাওয়া যাবে। দয়া করে এমন কাউকে বলুন, যিনি আমাদের সঙ্গে এখন সেখানে যেতে পারবেন। এসআই জসীম আমার কথায় প্রচণ্ড বিরক্ত হয়ে বললেন, ‘এটি সম্ভব নয়। ওই এলাকায় উনি ছাড়া আর কেউ যেতে পারবেন না। এটি তার এলাকা। আপনি এখান থেকে এখন চলে যান। ওখানে গিয়ে ছিনতাইকারীদের পাবেন না।’”
আহমাদ লেখেন, ‘আমি বললাম, আমার ধারণা ওরা ওখানে এখনও আছে। তবে এসআই জসীম বললেন, আপনার কমন সেন্স নাই? ছিনতাইকারী আপনার-আমার জন্য বসে থাকবে নাকি? আমি তবু তাকে অনুরোধ করলাম, কাছেই যেহেতু, যেন একবার বিষয়টি বিবেচনা করা হয়।’
ওসির কাছে গেলে তিনিও এএসআই আনারুলের সঙ্গে যোগাযোগ করে তাঁর জন্য বাসস্ট্যান্ড মোড়ে অপেক্ষা করতে বললেন। শেষে বাসস্ট্যান্ডসহ মোট তিনটি পয়েন্ট ঘুরে তিনি ওই পুলিশ সদস্যের দেখা পান। তাঁর সঙ্গে আরও সাত-আট পুলিশ সদস্য ছিলেন। ঘটনার প্রায় ৪০ মিনিট পর তারা সেখানে যান। তখনও ছিনতাইকারীরা সেখানেই ছিল। তাদের দেখিয়ে দেন ভুক্তভোগী।
আহমাদ লিখেছেন, ‘আমি দূর থেকে তাদের দেখিয়ে দিলেও এএসআই আনারুল সেখানে না গিয়ে একটু দূরে অন্য জায়গায় কিছু লোকের সঙ্গে কথা বলেন। মিনিট দুয়েক পর ফিরে এলে আমি তাকে আবার ওই সন্ত্রাসীদের দেখিয়ে দিই। তবে তিনি সেখানে না গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন। এ সময় ছিনতাইকারীরাও পুলিশসহ আমাকে দেখে আস্তে আস্তে ঘটনাস্থল থেকে সরে যেতে থাকে। আমি অবাক হয়ে আনারুলের দিকে তাকিয়ে থাকি! ওরা চলে যাওয়ার পর আনারুল আমাকে বলেন, এখন তো ওদের পাওয়া যাবে না। আমরা গভীর রাতে এসে এখানে অভিযান চালাব। আপনারা এখন বাসায় চলে যান।’
এ বিষয়ে ওসি আলী ইফতেখার হাসানের নাম্বারে কল দিলে রিসিভ হয়নি। তবে তিনি সাংবাদিকদের কাছে দাবি করেছেন, ভুক্তভোগী ফেসবুকে মনগড়া বক্তব্য লিখেছেন। এমন কিছু তিনি বলেননি।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…