শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

সংবাদ প্রতিদিন ডেস্ক:

চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই সময়ের মধ্যে গণিতের যোগ, বিয়োগ, গুণ ও ভাগও ভালোভাবে রপ্ত করাতে হবে।

নির্ধারিত এই সময়ের মধ্যে ছাত্র-ছাত্রীদের শতভাগ নির্ভুলভাবে পড়া ও গণিতে দক্ষতা অর্জনে ব্যর্থ বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়া হবে।

সম্প্রতি দেশের সব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে লক্ষ্য নির্ধারণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন। সচিবের নির্দেশনা পেয়ে এরই মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের চিঠি দিয়েছেন স্ব স্ব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।

নির্দেশনায় শিক্ষার্থীদের প্রতিদিন বাংলা ও ইংরেজি বইয়ের ৫ পৃষ্ঠা জোরে জোরে শব্দ করে পড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি গণিতের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ শেখানোর ওপর জোর দিতে বলা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, গত ২৭ এপ্রিল ও ৫ মে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন। তিনি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষার ওপর জোর দেন।

আগামী জুন মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সাবলীলভাবে বাংলা ও ইংরেজি পড়ার দক্ষতা ৯০ শতাংশ এবং জুলাই মাসে ১০০ শতাংশ অগ্রগতি নিশ্চিতের নির্দেশনা দেন। এদিকে, সচিবের নির্দেশনা মেনে এরই মধ্যে কয়েকটি জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ লক্ষ্য অর্জনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের চিঠি দেওয়া হয়েছে।

এর মধ্যে ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এ সংক্রান্ত একটি চিঠি জাগো নিউজের হাতে এসেছে। তাতে সচিবের নির্দেশনা বাস্তবায়নে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নির্দেশনা অনুযায়ী আগামী জুন মাসের মধ্যে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা বাংলা, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা গণিতের চার নিয়ম (যোগ, বিয়োগ, গুণ ও ভাগ) এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ইংরেজি সাবলীলভাবে পড়ার দক্ষতা ৯০ শতাংশ অর্জন করবে এবং জুলাই মাসের মধ্যে তা ১০০ শতাংশে উন্নীত করতে হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নির্দেশনা অনুযায়ী, তৃতীয় শ্রেণির বাংলা এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি পাঠ্যবই প্রতিদিন ৫ পৃষ্ঠা করে জোরে জোরে পড়াতে হবে। এছাড়া চতুর্থ শ্রেণির গণিতে নির্ধারিত পাঠের পাশাপাশি যোগ, বিয়োগ, গুণ ও ভাগ শেখানোর ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

শিক্ষকদের সতর্ক করে চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের (জুন-জুলাই) মধ্যে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন-ভাতা বন্ধের নির্দেশনা রয়েছে। এ অবস্থায় প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত দক্ষতা অর্জনের জন্য পরিকল্পনা গ্রহণ করবেন এবং তা ১০ মের মধ্যে ছক আকারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠাতে হবে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন জাগো নিউজকে বলেন, ‘আমরা আজই এ চিঠি দিয়েছি, চিঠিটি সঠিক। অন্যান্য জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারাও একই ধরনের নির্দেশনা দেবেন, কেউ কেউ ইতোমধ্যে দিয়েছেনও। এটি সচিব স্যারের নির্দেশ।

আমাদের সঙ্গে দুই দফা ভার্চুয়াল বৈঠকে তিনি এ লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন।’ দক্ষতা অর্জনের লক্ষ্য পূরণে ব্যর্থ হলে বেতন-ভাতা বন্ধের নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটিও মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে আমাদের জানানো হয়েছে। আমরা শিক্ষকদের সতর্ক করেছি। শিক্ষার্থীরা পড়তে না পারলে শিক্ষকরা বেতন-ভাতা পাবেন না—এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষই জানিয়েছে।’ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

এর মধ্যে বাংলা-ইংরেজি রিডিং শিক্ষার্থীরা যাতে ঠিকভাবে পড়তে পারে, তা নিশ্চিত করার বিষয়টিও রয়েছে। এটি করতেই হবে, না হলে বর্তমান সরকারের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে না।’

Rokonuz Zaman

Recent Posts

জুড়ানপুরে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হক

লোভ-লালসার ঊর্ধ্বে থেকে জনসেবার অঙ্গীকার; শিক্ষিত ও নির্লোভ নেতৃত্বের টানে মাঠে নেমেছেন বিশিষ্টজনরাও নিজস্ব প্রতিবেদক,…

3 hours ago

ওমানে একসঙ্গে নিভে গেল একই পরিবারের ৪ ভাইয়ের জীবন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি পরিবারে এখন আর বিয়ের আনন্দ নেই, নেই কোনো উৎসবের প্রস্তুতি। যে ঘরে…

3 hours ago

কুষ্টিয়ার মিরপুর পদ্মার দুর্গমচরে চাঁদাবাজি,বালুমহাল দখল,মাদক,অস্ত্রপাচারের গডফাদার বহলবাড়ীয়ার উজ্জল মেম্বারের ‘মিনি রাষ্ট্র’

কুষ্টিয়ার মিরপুর ও দৌলতপুর সীমান্তসংলগ্ন পদ্মার দুর্গম চরাঞ্চল এখন অপরাধী ও বিভিন্ন সশস্ত্র বাহিনীর অভয়ারণ্যে…

4 hours ago

রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চে, উচ্ছ্বসিত মেডিকেল শিক্ষার্থীরা!

রাজশাহী ব্যুরোঃ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের…

17 hours ago

ঈশ্বরদীতে বিদ্যালয়ে অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ৬৫ ছাত্রী

ঈশ্বরদী প্রতিনিধি: বুধবার (১৩ মে) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের অন্তত ৬৫ জন…

17 hours ago

নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

নেত্রকোণা প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষে গৃহীত প্রচার কার্যক্রমের আওতায় নেত্রকোণায় এক বিশেষ…

19 hours ago