চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো. সেলিম রেজা (৩৯) নামে এক ব্যক্তির। লুঙ্গির কোঁচড়ে সিগারেটের প্যাকেটে করে মাদক পাচারের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) হাতে হাতেনাতে ধরা পড়েছেন তিনি।
শনিবার (২ মে) দুপুরে উপজেলার কান্তপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৫ পিস নিষিদ্ধ ঘোষিত ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
ডিএনসি চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ডিএনসি’র একটি আভিযানিক দল শনিবার দুপুর ১টার দিকে আলমডাঙ্গা থানাধীন কান্তপুর মোড়স্থ সুলতান স্টোরের সামনে অবস্থান নেয়। এ সময় সেখানে সন্দেহভাজন অবস্থায় দাঁড়িয়ে থাকা সেলিম রেজাকে তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে তার পরিহিত লুঙ্গির বাম কোঁচড়ে গোঁজা একটি সিগারেটের প্যাকেট পাওয়া যায়। প্যাকেটটি খুলতেই ভেতর থেকে সুকৌশলে রাখা ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট বের হয়ে আসে।
গ্রেপ্তারকৃত সেলিম রেজা আলমডাঙ্গা উপজেলার কান্তপুর বটিয়া পাড়া গ্রামের মো. মঈনুল হকের ছেলে। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. কবির উদ্দিন তালুকদার বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জেলা জুড়ে মাদকের বিরুদ্ধে এমন সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসি কর্তৃপক্ষ।