হঠাৎ রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী, যা দেখলেন ভিতরে
সংবাদ প্রতিদিন ডেস্ক:
পূর্বঘোষণা ছাড়াই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানায় আকস্মিক পরিদর্শনে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দেন।
শনিবার (২ মে) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী।
থানা পরিদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ১০ মিনিট ২৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, হুট করে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে প্রবেশ করেন। সে সময় কক্ষে চার-পাঁচজন ব্যক্তি উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে অন্য থানার দুইজন পুলিশ সদস্যও ছিলেন। প্রবেশ করেই স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিতদের পরিচয় ও সেখানে আসার কারণ জানতে চান।
পরে ডিউটি অফিসারের কক্ষ, হাজতখানা ও অন্যান্য কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনের একপর্যায়ে ওসিকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি বা পার্টির নাম ব্যবহার করে কেউ থানায় সুবিধা নিলে তার দায় আপনার।’
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, ‘কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তার এই পরিদর্শনের মূল কারণ তিনি জানান, সারা দেশের থানাগুলোকে সাবধানতা জারিসহ দালালমুক্ত করা। একই সঙ্গে তিনি পুলিশ সদস্যদের নির্দেশনা দিয়েছেন সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য।
পরিদর্শনের শেষের দিকে হাজতখানার ধারণক্ষমতা, পরিবেশ ও ব্যবহার সম্পর্কে ওসির কাছে জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রী। হাজতে থাকা এক ব্যক্তির খাবারও দেখেন তিনি। এ ছাড়া ওয়াশরুম ও ফ্যানের ব্যবস্থা আছে কি না, তাও খোঁজ নেন। এমন কি পুলিশ সদস্যদের থাকার মেসও পরিদর্শন করেন তিনি।