জলবদ্ধতায় চট্টগ্রাম নগরবাসীর কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রী
চট্টগ্রামে জলাবদ্ধতায় নগরবাসীর চরম ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যত দ্রুত সম্ভব, এই সমস্যা থেকে মানুষকে বের করে নিয়ে আসার চেষ্টা করছে সরকার।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এ কথা বলেন তিনি।
এর আগে, চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান সংসদে পয়েন্ট অব অর্ডারে চট্টগ্রামের জলাবদ্ধতার কথা তুলে ধরেন।
এ পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘অনেক বড় ওয়াটার লগ হয়ে গেছে। স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সব নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে মানুষকে যেন বের করে নিয়ে আসা যায়।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম শহরের একটি বড় অংশ পানিতে তলিয়ে গেছে এবং মানুষ কষ্ট পাচ্ছে। এই সমস্যা শুধু চট্টগ্রামে নয়, বলা যায় সারা দেশে ছড়িয়ে আছে। ঢাকা শহরেও অনেক জায়গায় বৃষ্টিতে পানি জমে যাচ্ছে। এটি অনেক দিনের সমস্যা।’
তারেক রহমান বলেন, ‘রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমগ্র বাংলাদেশে খাল খননের মাধ্যমে রিজার্ভার তৈরি করেছিলেন, একই সঙ্গে বন্যা বা জলাবদ্ধতাও দূর করেছিলেন। একই কাজে আবার ফিরে যেতে হবে। বর্তমান সরকার সে কর্মসূচি হাতে নিয়েছে। কাজও শুরু হয়েছে।’
প্লাস্টিক, পলিথিন, বোতল এসব ফেলার কারণে শহরাঞ্চলে খাল, ড্রেন, নালাগুলো বন্ধ হয়ে যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার বিভিন্ন জায়গায় খাল খনন করছে। ড্রেন পরিষ্কার করা হচ্ছে। ঢাকা শহরে কয়েকটি জায়গায় এটি করা হয়েছে। কিন্তু ৭ থেকে ১০ দিনের মধ্যে মানুষ আবার অসচেতনভাবে এগুলোতে ময়লা ফেলে ‘ব্লক’ করে দিচ্ছে।’
জলাবদ্ধতার পেছনে জনসচেতনতার অভাবকে দায়ী করে তিনি বলেন, ‘জনমত তৈরি এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্লাস্টিক বোতল, পলিথিন বা এ জাতীয় দ্রব্যের ব্যবহার কমানো বা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই সমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এটি সরকারের পক্ষ থেকে হচ্ছে, তবে সংসদ সদস্যদেরও নৈতিক দায়িত্ব জনগণকে সচেতন করা।’
এর আগে, পয়েন্ট অব অর্ডারে বিএনপির সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, ‘চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। এ মুহূর্তে চট্টগ্রামের মানুষ পানিতে ভাসছে। সাধারণ মানুষ, যাদের বাসা ছিল না, তাদের জীবন আসলেই আক্ষরিক অর্থে পানিতে ভাসছে। চট্টগ্রাম জুড়ে গলা পর্যন্ত পানি। মানুষ ভাবছে, চট্টগ্রামের এই সমস্যার কোনো দিন সমাধান হবে না। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানাই।