চুয়াডাঙ্গা পৌর এলাকায় নয়ন আল মামুন (৩২) নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। জীবন বাঁচাতে রক্তাক্ত অবস্থায় মোটরসাইকেল চালিয়ে সদর থানায় আশ্রয় নেন ওই যুবক। পরে পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। গত রোববার (২৬ এপ্রিল) রাতে শহরের বিএডিসি মোড়ের পুরাতন স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত নয়ন আল মামুন চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারপাড়ার মতিয়ার রহমানের ছেলে। তিনি পেশায় একজন গ্রাফিকস ডিজাইনার।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে নয়ন আল মামুনসহ দুজন মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা শহরে আসছিলেন। পথিমধ্যে বিএডিসি সড়কের পুরাতন স্টেডিয়ামের কাছে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন যুবকের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই যুবকরা ধারালো অস্ত্র দিয়ে নয়নকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। প্রাণ বাঁচাতে রক্তাক্ত জখম অবস্থাতেই দ্রুত মোটরসাইকেল চালিয়ে তিনি সদর থানায় গিয়ে পৌঁছান। সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
আহতের বড় ভাই জানান, হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নয়নও তাদের চিনতে পারেননি। ঘটনার প্রকৃত কারণও এখনো অস্পষ্ট। উন্নত চিকিৎসার জন্য আজ তাকে রাজশাহী অথবা ঢাকাতে নেওয়ার প্রস্তুতি চলছে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান জানান, “নিজেকে রক্ষার্থে ওই যুবক রক্তাক্ত অবস্থায় মোটরসাইকেলযোগে থানায় চলে আসেন। আমরা তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করেছি। হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আমরা ইতোমধ্যে আহতের সঙ্গে কথা বলেছি এবং মামলা করার পরামর্শ দিয়েছি। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে।”
এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।