রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা-এর ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত এই প্রতিষ্ঠানের উদ্যোগে আজ রবিবার (১৯ এপ্রিল) মাদ্রাসার মিলনায়তনে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সৈয়দ মোঃ আবদুল বারী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মোঃ সেলিম উদ্দীন বাহারী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পরীক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। নৈতিকতা ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে। সুন্নিয়াতের আদর্শ ধারণ করে সততা ও নিষ্ঠার সাথে এগিয়ে গেলে জীবনে সফলতা অর্জন সম্ভব।”
সহকারী শিক্ষক মাহমুদুল হাসান-এর সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সহকারী মৌলভী শাহেদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতি ও পরীক্ষার হলে করণীয় বিষয়ে বাস্তবসম্মত পরামর্শ দেন।
বিদায় মুহূর্তে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যখন পরীক্ষার্থীদের পক্ষে জেসিয়া আক্তার এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে জান্নাতুল মাওয়া তাদের স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। এতে উপস্থিত সকলের মাঝে এক বিষাদময় আবহ বিরাজ করে।
অনুষ্ঠানের শেষ পর্বে পরীক্ষার্থীদের সার্বিক সফলতা, সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। পরে আখেরি মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।