ড্রাগ ডিলার উসমান
অনুসন্ধানী প্রতিবেদক |
‘উচমান’—ইসলামিক ইতিহাসের অত্যন্ত সম্মানজনক ও পবিত্র একটি নাম। কিন্তু চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের দলকা লক্ষ্মীপুর গ্রামে এই নামের আড়ালেই গড়ে উঠেছে এক ভয়ংকর অন্ধকার জগৎ। যে জনপদ একসময় সংবাদপত্রের পাতায় নেতিবাচক কারণে শিরোনাম হতো, সেই দলকা লক্ষ্মীপুর গ্রামের গয়েশপুর পাড়ার মৃত মমরাজের ছেলে উচমান এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন জেলার মাদকের অঘোষিত সম্রাট।
দর্জি থেকে ‘ড্রাগ ডন’: রূপকথার চেয়েও বিস্ময়কর উত্থান:
অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক অবিশ্বাস্য তথ্য। মাত্র দুই বছর আগেও উচমানের প্রধান পেশা ছিল দর্জি। গ্রামের এক কোণে সেলাই মেশিনে কাপড় সেলাই করে চলত তার অতি সাধারণ জীবন। অভাব-অনটনের কারণে তখন দুবেলা দুমুঠো অন্ন জোগাতে তাকে হিমশিম খেতে হতো। কিন্তু মাত্র দুই বছরের ব্যবধানে সেই সামান্য দর্জি এখন কয়েক কোটি টাকার মালিক। হাতে সেলাই মেশিনের পরিবর্তে এখন তার কব্জায় থাকে ইয়াবার বিশাল চালান। স্থানীয়রা বিস্মিত হয়ে দেখছেন, কীভাবে চোখের পলকে আঙুল ফুলে কলাগাছ হয়েছে এই উচমান।
গাজার কারবারি থেকে যেভাবে ‘ইয়াবা ডন’:
অনুসন্ধানে জানা যায়, উচমানের অপরাধ জগতের হাতেখড়ি হয়েছিল সীমান্ত এলাকা থেকে আসা গাজার ব্যবসার মাধ্যমে। ভারত থেকে আসা মণে মণে গাজা চুয়াডাঙ্গা থেকে বিভিন্ন অঞ্চলে সরবরাহ করত সে। তবে অধিক মুনাফার লোভে গত কয়েক বছরে ইয়াবার চাহিদা বেড়ে যাওয়ায় সে তার ব্যবসার মোড় ঘুরায়। বর্তমানে সে খুচরা কোনো ব্যবসা করে না; বরং চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ এবং কুষ্টিয়া অঞ্চলের প্রধান ‘হোলসেলার’ বা পাইকারি সরবরাহকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
বিশাল সিন্ডিকেট ও ওসমানের নেটওয়ার্ক:
উচমানের নেটওয়ার্ক অত্যন্ত সুসংগঠিত। প্রায় শতাধিক দালালের মাধ্যমে সে এক জেলা থেকে অন্য জেলায় মাদকের বড় বড় চালান পাঠায়। এই সিন্ডিকেটের অন্যতম প্রধান সহযোগী হিসেবে কাজ করে উচমানের আপন ভাতিজা রাজন। চাচার সরাসরি দিকনির্দেশনায় রাজন চুয়াডাঙ্গা জেলার খুচরা বিক্রেতাদের নিয়ন্ত্রণ করে। মোটরসাইকেলে করে মুহূর্তের মধ্যে হাজার হাজার পিস ইয়াবা পৌঁছে দেয় গন্তব্যে। প্রাপ্ত তথ্যমতে, উচমানের এই সিন্ডিকেট প্রতিদিন গড়ে ৩ থেকে ৫ হাজার পিস ইয়াবা বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে।
আঙুল ফুলে কলাগাছ: মুদি দোকানের আড়ালে কোটিপতি
যার ছিল না মাথা গোঁজার ঠাঁই কিংবা এক কাঠা জমি, সেই উচমানের সম্পদ দেখে এখন চোখ কপালে ওঠার অবস্থা স্থানীয়দের। প্রশাসনের চোখ ফাঁকি দিতে একটি মুদি দোকানকে সে ‘ঢাল’ হিসেবে ব্যবহার করছে, যেখানে বিনিয়োগ করা হয়েছে প্রায় ৫০ লক্ষাধিক টাকা। গয়েশপুর পাড়ায় তার বর্তমান অট্টালিকা ও জমির মূল্য ২ কোটি টাকার উপরে। প্রশ্ন উঠেছে, একজন সাধারণ দর্জি বা মুদি দোকানদারের পক্ষে মাত্র দুই বছরে কোটি কোটি টাকার মালিক হওয়া কি আদৌ সম্ভব? উত্তরটা এলাকার সাধারণ মানুষের কাছে দিবালোকের মতো স্পষ্ট।
রাজনীতির ছত্রছায়ায় উচমানের ‘রং বদল’
তৎকালীন সরকারের সময় একই ইউনিয়নের এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার সরাসরি মদদে উচমানের মাদক ব্যবসা ডালপালা মেলে। ক্ষমতার দাপটে তখন তার দিকে কেউ আঙুল তোলার সাহস পায়নি। তবে বিস্ময়কর বিষয় হলো, ৫ই আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তন হলেও উচমানের রাজত্বে ভাটা পড়েনি। স্থানীয়রা বলছেন, উচমানের উপার্জিত অবৈধ কাড়ি কাড়ি টাকাই এখন তার প্রধান রক্ষাকবচ। রাজনৈতিক দল বদল হলেও উচমানের ব্যবসা এখন আরও বেশি গতিশীল ও বেপরোয়া।
এলাকা বাঁচানোর ডাক:
উচমানের এই ভয়ংকর মাদক সিন্ডিকেটের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে চুয়াডাঙ্গা ও পার্শ্ববর্তী জেলাগুলোর যুবসমাজ। গ্রামের মানুষের দাবি, এই ‘মরণনেশা সম্রাট’কে এখনই না থামালে এই জনপদ ধ্বংস হয়ে যাবে। মাদকের এই ভয়ংকর ছোবল থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে প্রশাসনের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
আগামী পর্বে পড়ুন:
কারা এই উচমানের নেপথ্য শক্তি? আওয়ামী লীগ আমল থেকে এখন পর্যন্ত কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা অঞ্চলের কোন কোন প্রভাবশালী ব্যক্তি উচমানের মাথায় হাত রেখে তার এই ব্যবসা পরিচালনা করছেন? তাদের নাম ও মুখোশ উন্মোচন করা হবে দ্বিতীয় পর্বে। (চলবে…)
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…
রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…