রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি উদযাপন অনুষ্ঠিত
রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক চ্যানেল যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি উদযাপন করা হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে টেলিভিশনটির এক যুগ পূর্তি উপলক্ষে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়ক থেকে শহরের একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এ সময় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও যমুনা টেলিভিশনের শুভানধ্যায়ীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদ প্রশাসক ও স্থানীয় দৈনিক ভোরের রাজবাড়ীর প্রধান সম্পাদক ও প্রকাশক মো. আব্দুস সালাম মিয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন, যমুনা টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি রুবেলুর রহমান।
এ সময় যমুনা টিভি সত্যের পথে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় টেলিভিশনের রিপোর্টার ও সকল কলা-কৌশলীকে ধন্যবাদ জ্ঞাপন করা সহ যমুনা টিভির উত্তর উত্তর সমৃদ্ধ কামনা করেন অতিথিরা। সেই সাথে তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় ২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুথ্থানে যমুনা টিভি ভূমিকা নিয়ে প্রশংসা করে যমুনা টিভিকে বিশেষ ভাবে ধন্যবাদ জানান অতিথিরা।