ঢাকার ফুসফুস খ্যাত তুরাগ নদের পাড়ে অবস্থিত ঢাকা বোট ক্লাব আবারও বিতর্কের কেন্দ্রে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্ধার করা প্রায় ১১ একর সরকারি জমি মাত্র আট মাসের ব্যবধানে পুনরায় দখল করে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
শুধু দখলই নয়, সেখানে রীতিমতো ফটক ও দীর্ঘ পাকা সড়ক নির্মাণের মাধ্যমে নিজেদের স্থায়ী আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে সমাজের তথাকথিত অভিজাতদের এই বিনোদন কেন্দ্রটি। উত্তরা ১৮ নম্বর সেক্টর সংলগ্ন পঞ্চবটি এলাকায় সরেজমিন পরিদর্শনে দেখা যায়, যে জমিতে গত বছরের মে মাসে পানি উন্নয়ন বোর্ড উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছিল, সেখানেই এখন নতুন উদ্যমে নির্মাণকাজ চলছে।
পানি উন্নয়ন বোর্ডের নথি অনুযায়ী, বোট ক্লাব কর্তৃপক্ষ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মোট ১০.৭৩ একর জমি অবৈধভাবে নিজেদের সীমানায় অন্তর্ভুক্ত করেছে।
২০২৫ সালের ২১ মে পানি উন্নয়ন বোর্ড এক বিশাল অভিযানে বোট ক্লাবের দখলে থাকা কৃত্রিম ঝরনা, পাকা রাস্তা এবং কাঁটাতারের বেড়া উচ্ছেদ করেছিল। কিন্তু ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পরপরই দৃশ্যপট বদলে যায়। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটের সুযোগ নিয়ে ক্লাব কর্তৃপক্ষ পুনরায় সরকারি জমিতে নির্মাণসামগ্রী ফেলে কাজ শুরু করে। বর্তমানে সেখানে প্রায় ৪০০ ফুট দীর্ঘ একটি নতুন সড়ক নির্মিত হয়েছে এবং মূল ফটকের বাইরে আরও একটি কংক্রিটের শক্তিশালী গেট তৈরি করা হয়েছে।
সেখানে কর্মরত একজন নিরাপত্তাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকারি উচ্ছেদের কয়েক মাস পর থেকেই তারা ধীরে ধীরে আবার কাজ শুরু করেছেন এবং এই নতুন রাস্তাটি সাম্প্রতিক সময়েই তৈরি করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, ২০১৭ সালে তৎকালীন পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের সভাপতিত্বে বোট ক্লাব যাতায়াতের জন্য মাত্র ৫৫ শতক জমি সরকারিভাবে বরাদ্দ পেয়েছিল। কিন্তু সেই নামমাত্র বরাদ্দের আড়ালে তারা ধীরে ধীরে গ্রাস করেছে ১০.৭৩ একর মূল্যবান ভূমি। সাবেক আইজিপি বেনজীর আহমেদ এই বিতর্কিত ক্লাবের সভাপতি থাকাকালীন এখানে একটি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনাও করেছিলেন। যদিও পানি উন্নয়ন বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর বহুতল ভবন নির্মাণের কোনো আইনি সুযোগ নেই। ২০২৪ সালে বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হলে তিনি দেশ ত্যাগ করেন এবং পরে সভাপতির দায়িত্ব ছাড়েন। বর্তমানে ব্যবসায়ী রুবেল আজিজ এই ক্লাবের নেতৃত্ব দিচ্ছেন।
পানি উন্নয়ন বোর্ডের জায়গা পুনরায় দখল হওয়ার বিষয়ে বর্তমানে সংস্থাটির ঢাকা অঞ্চলের কর্মকর্তাদের মধ্যে এক ধরণের অদ্ভুত নীরবতা লক্ষ্য করা গেছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীরা এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।
তাদের দাবি, যেহেতু ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর এই দখল হয়েছে, তাই তারা নতুন সরকারের নীতি ও নির্দেশনা বুঝে পরবর্তী পদক্ষেপ নিতে চান। অন্যদিকে, রাজউক কর্মকর্তাদের ভূমিকাও রহস্যজনক। রাজউকের পরিকল্পনা উইংয়ের প্রধান নগর পরিকল্পনাবিদ মো আশরাফুল ইসলাম জানান, অতীতে একটি চিঠি দেওয়া হয়ে থাকতে পারে, তবে বর্তমান পরিস্থিতির আপডেট তাঁর জানা নেই।
সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের আমলে অত্যন্ত সাহসিকতার সাথে এই ১০ একর জমি উদ্ধার করা হয়েছিল।
তিনি কঠোর ভাষায় বলেন, এই মূল্যবান ভূমি কোনো ব্যক্তিকে বরাদ্দ দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই। বোট ক্লাব সব বিবেচনাতেই দেশের আইন ভঙ্গ করে এবং ক্ষমতার অপব্যবহার করে প্রতিষ্ঠিত হয়েছে। এত দিন বেআইনি দখলে রাখার জন্য এবং নতুন করে দখল করার জন্য বোট ক্লাব কর্তৃপক্ষকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
২০১৪ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি প্রথম দেশব্যাপী আলোচনায় আসে ২০২১ সালের জুনে চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে। ক্লাবের ভেতরে শ্লীলতাহানি ও হত্যাচেষ্টার অভিযোগ এনে পরীমনি মামলা করার পর ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নাসির উদ্দিন মাহমুদসহ কয়েকজনের নাম সামনে আসে। বর্তমানে প্রায় ১,৫০০ সদস্যের এই ক্লাবে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন নাসিমসহ দেশের বহু প্রভাবশালী ব্যক্তি সদস্য হিসেবে রয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের নথিতে দেখা গেছে, ৩২ কিলোমিটার দীর্ঘ ঢাকা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ছোট বড় ১,৭০০টি অবৈধ স্থাপনা রয়েছে। এর মধ্যে ঢাকা বোট ক্লাবের মতো শক্তিশালী প্রতিষ্ঠানের দখলদারিত্ব উচ্ছেদ করাই এখন পানি উন্নয়ন বোর্ডের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষা করা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য অপরিহার্য।
বোট ক্লাবের এই পুনর্দখল প্রমাণ করে যে, যথাযথ আইনি প্রয়োগ ও প্রশাসনিক কঠোরতা না থাকলে সরকারি জমি রক্ষা করা অসম্ভব। সাধারণ মানুষের প্রশ্ন, একটি বিনোদন ক্লাবের বিলাসিতার কাছে কি বারংবার পরাস্ত হবে জননিরাপত্তার এই বেড়িবাঁধ?
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…
রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…